আন্দোলনের অধিকার আছে, রাস্তা অবরোধ নয়! কৃষক বিক্ষোভ নিয়ে স্পষ্ট বার্তা সুপ্রিমকোর্টের
যতদিন ইচ্ছা ততদিন আন্দোলন করতে পারেন কৃষকরা। তবে রাস্তা অবরোধ করার কোনও রকম অধিকার নেই কৃষকদের। আজ কৃষক বিক্ষোভ নিয়ে মামলার প্রেক্ষিতে এই কথাটি বলে সুপ্রিমকোর্ট। এর আগে বুধবার এই মামলার প্রেক্ষিতে সুপ্রিমকোর্ট কেন্দ্র-কৃষক সমন্ময়ের মাধ্যমে কমিটি গঠন করার সুপারিশ করেছিল।

কমিটি গঠনের পরামর্শ
সমস্যার সমাধানে, বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠনের পরামর্শ দিয়ে বুধবার প্রধান বিচারপতি বলেন, 'এই সমস্যা সমাধানের জন্য একটি কমিটি গঠন করা হোক। সেখানে সরকার ও কৃষকদের প্রতিনিধিরা থাকবেন।' এছাড়া দিল্লি, পঞ্জাব ও হরিয়ানা সরকারকেও এই বিষয়ে নিজেদের মতামত জানাতে বলা হয়েছে।

সরকার মিটমাট করে নেওয়ার জন্য তৈরি
এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, 'সরকার মিটমাট করে নেওয়ার জন্য তৈরি ছিল ও আছে। কিন্তু সমস্যা তৈরি হচ্ছে কৃষকদের নিয়ে। একাধিক মন্ত্রী এই বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু, তাঁরা কথাই বলতে চাইছেন না।' আর এই সমস্যার জন্য বিরোধীদের দায়ি করে কেন্দ্রীয় সরকার। সরাসরি বিরোধীদের নাম না নিয়ে তাদের দাবি, কৃষকদের বাইরে থেকে কেউ উসকানি দিচ্ছে।

কৃষক আন্দোলন নিয়ে একাধিক আবেদন
বুধবারই সুপ্রিম কোর্টে কৃষক আন্দোলন নিয়ে একাধিক আবেদনের শুনানি হয়। প্রথমটি, করোনা পরিস্থিতির মধ্যে যাতে এভাবে জমায়েত করে কৃষকরা বিক্ষোভ না দেখান তার জন্য আবেদন করা হয়েছিল। এমনকী কৃষকদের জন্য আলাদা জায়গার ব্যবস্থা করার জন্যও সেখানে বলা হয়েছে। আজ এই সব মামলার শুনানির দ্বিতীয় দিন ছিল।

মামলা দায়ের করে কৃষক সংগঠনগুলি
এছাড়াও একটি মামলা দায়ের করে কৃষক সংগঠনগুলি। সেই মামলা নতুন কৃষি আইনের বিরুদ্ধে। সেখানে নতুন আইনে কৃষকদের স্বার্থহানির পাশাপাশি আন্দোলনকারীদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ তোলা হয়েছে। আর তৃতীয় একটি আবেদনে কৃষকদের দিল্লিতে প্রবেশ এবং যন্তরমন্তরে বিক্ষোভের অনুমতি চাওয়া হয়েছিল।












Click it and Unblock the Notifications