কৃষি আইন বাতিল হলেও সিংঘু সীমান্তে অন্য দাবি নিয়ে আন্দোলনে অনড় কৃষকরা
কৃষি আইন বাতিল হলেও সিংঘু সীমান্তে অন্য দাবি নিয়ে আন্দোলনে অনড় কৃষকরা
১৯ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণে তিনটি কৃষি আইন প্রত্যাহার করার সিদ্ধান্ত জানিয়েছেন নরেন্দ্র মোদী। যথারীতি প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তে খুশি কৃষক সংগঠনগুলি। তবে কৃষি আইন তুলে নিলেও বিক্ষোভ থামছে না। নিজেদের অন্যান্য দাবি নিয়ে এবার দিল্লির সিংঘু, টিকরি এবং গাজিপুর সীমান্তে সরব হলেন কৃষকরা।

জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই আন্দোলনে যোগ দিয়েছেন হাজার হাজার কৃষক। মূলত প্রতিবেশী রাজ্য পঞ্জাব, হরিয়ানার কৃষকরা সমবেত হয়েছেন এই বিক্ষোভে। অম্বালা, রোহতক, লুধিয়ানা, অমৃতসর, জলন্ধর, ফিরোজপুর, পাটিয়ালা, কুরুক্ষেত্র, ভিয়ওয়ানির কৃষকদের দেখা গিয়েছে এই বিক্ষোভ কর্মসূচিতে৷ বিপুল সংখ্যক কৃষকদের এই সমাবেশ দেখে সীমান্তবর্তী ওই অঞ্চলগুলিকে নিরাপত্তার চাদরে মুড়ে দিয়েছে দিল্লি পুলিশ।

সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে শুক্রবার দিল্লি সীমান্তে উপস্থিত হন প্রায় ৪০টি কৃষক সংগঠনের সদস্যরা। একটি বিবৃতিতে সংযুক্ত কিষাণ মোর্চা বলে, 'ঐতিহাসিক কৃষক আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে হাজার হাজার কৃষক জড়ো হয়েছেন। একাধিক প্রতিবাদ স্থলে তাঁরা এসে জমায়েত করছেন৷ এমনকি যে রাজ্যগুলি দিল্লির থেকে দূরে অবস্থিত, সেখানেও জমায়েত, ধর্না-মিছিল সহ একাধিক কর্মসূচির প্রস্তুতি নেওয়া হচ্ছে।'

কৃষকদের এই জমায়েতের ফলে সীমান্তবর্তী অঞ্চলগুলিতে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশও। প্রশাসন জানিয়েছে, অতিরিক্ত পরিমানে প্যারা মিলিটারি এবং পুলিশ আধিকারিকদের সেই সমস্ত অঞ্চলে মোতায়েন করা হয়েছে। দিল্লির স্পেশ্যাল কমিশনার অফ পুলিশ দীপেন্দ্র পাঠক বলেন, ' অতিরিক্ত নিরাপত্তার বন্দোবস্ত করেছি আমরা। সেখানে কর্মরত অভিজ্ঞ পুলিশ আধিকারিকরা কড়া নজরদারি রাখবেন। যাতে কোনও প্রকার অনভিপ্রেত ঘটনা না ঘটে, তাই এই উদ্যোগ নিচ্ছি আমরা।'












Click it and Unblock the Notifications