'সার্জিক্যাল স্ট্রাইক' নিয়ে দেশজুড়ে অভিনব প্রচারের পথে বিজেপি
ভোটের কথা মাথায় রেখেই সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনাকে ফের একবার ফলাও করে প্রচারের উদ্যোগ নিয়েছে বিজেপি।
আগামী বছরেই অনুষ্ঠিত হবে ২০১৯ লোকসভা নির্বাচন। তার আগে বছরের শেষে চার-পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। এগুলি মাথায় রেখেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের অন্যতম বড় সাফল্য সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনাকে ফের একবার ফলাও করে প্রচারের উদ্যোগ নিয়েছে বিজেপি। ভোটারদের মনে জাতীয়তাবাদী ভাবনাকে ফের একবার এই ঘটনা মনে করিয়ে উসকে দিতে উদ্যোগী গেরুয়া শিবির।

সেজন্য আগামী ২৮ সেপ্টেম্বর সরকার সার্জিক্যাল স্ট্রাইক দিবস পালন করবে। ভারতীয় সেনা সীমান্ত টপকে পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটিগুলিকে উড়িয়ে দেয়। বহু জঙ্গি মারা যায়। তার দিন কয়েক আগে কাশ্মীরের উরি হামলার বদলা নিতেই সেনা সীমান্তপার হামলা চালায়।
সার্জিক্যাল স্ট্রাইক দিবস পালনের দিন বিজেপির সব নেতা-মন্ত্রীরা তাদের এলাকায় গিয়ে এই দিনটি পালন করবেন। সঙ্গে থাকবে এনসিসি ক্যাডেটরা। শহিদ সেনাদের শ্রদ্ধা জানানো হবে।
গত সপ্তাহে হওয়া কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুর একমাস উপলক্ষ্যেও বিজেপি সরকার কাব্যঞ্জলি দিবস পালন করবে ১৬ সেপ্টেম্বর। এই উপলক্ষ্যে কবিতা নিয়ে নানা অনুষ্ঠান করার কথা বলা হয়েছে।
২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে জঙ্গি লঞ্চপ্যাড উড়িয়ে দেয় ভারত। লস্কর ই তৈবা-সহ অন্য সংগঠনের বহু জঙ্গি নিকেশ হয়। পাকিস্তানের মাটি থেকেই যে সন্ত্রাসবাদ ভারতের মাটিতে ছড়িয়ে দেওয়া হচ্ছে তা ফের একবার প্রমাণিত হয়।












Click it and Unblock the Notifications