সেপ্টেম্বরের মাঝামাঝিতে দেশে বিধ্বংসী চেহারা নেবে করোনা সংক্রমণ, বলছেন বিশেষজ্ঞেরা
ইতিমধ্যেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে দশ লক্ষ ছুঁইছুঁই। মারা গেছেন ২৬ হাজার ৩৭৯ জন। এদিকে এর মধ্যেই নতুন আশঙ্কার কথা শোনালেন ভারতের জনস্বাস্থ্য ফাউন্ডেশনের সভাপতি কে শ্রীনাথ রেড্ডি। তাঁর কথায় সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ভারতে শিখরে পৌঁছাবে করোনা সংক্রমণ। এদিকে বর্তমান প্রেক্ষাপটে গোটা দেশে করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত নিয়ে আতঙ্কিত সাধারণ মানুষ।

চলতি সপ্তাহেই প্রত্যহ ৩০ হাজারের বেশি করোনা সংক্রমণ দেখা গেছে গোটা দেশে। সরকারের যুক্তি আগের থেকে করোনা টেস্টের পরিমাণ বাড়াতেই সংক্রমণের এই বাড়বাড়ন্ত। যদিও ওয়াকিবহাল মহলের ধারণা দেশের একাধিক রাজ্যেই ভয়াবহ গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। যার জেরে কিছুতেই বাগে আনা যাচ্ছে না করোনাকে। এই প্রসঙ্গে অধ্যাপক শ্রীনাথ রেড্ডি বলেন, “ বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে। আমাদের অবশ্যই এই পর্যায়ে পৌঁছানোর আগে যথাযথ ব্যবস্থা গ্রহণ উচিত ছিল। কিন্তু এখনও খুব দেরি হয়ে যাওয়ার আগে করোনা ঠেকাতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে।”
এর আগে অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সেস ইন্সটিটিউটে কার্ডিওলজি বিভাগের প্রধান হিসাবেও কাজ করেছেন ডাঃ কে শ্রীনাথ রেড্ডি। যদিও তার কথায় কঠোর সরকারি পদক্ষেপ ও করোনা বিরোধী জনসচেতনতাই আমাদের আসন্ন বিপদের হাত থেকে রক্ষা করতে পারে। এর জন্য মহামারীর আবহে জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে একাধিক সরকারি পদক্ষেপ প্রসঙ্গেও কথা বলেন। যদিও মাস্ক পড়া সহ একাধিক করোনা বিধি মানলেও করোনা সংক্রমণে আপাতত লাগাম টানা যাবে না বলেই মত তাঁর।












Click it and Unblock the Notifications