Exit Polls 2024: মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড ত্রিশঙ্কু! দৈনিক ভাস্করের এগজিট পোলে বিরাট ইঙ্গিত
Exit Polls 2024: ঝাড়খণ্ডে দুই দফায় ও মহারাষ্ট্রে এক দফায় হলো বিধানসভা ভোট। আজ ভোটপর্ব মিটল। এবার নজর ২৩ নভেম্বরের ফলাফলের দিকে।
বেশিরভাগ বুথফেরত সমীক্ষায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকেই এগিয়ে রাখা হয়েছে ২ রাজ্যে। যদিও সে পথে হাঁটেনি দৈনিক ভাস্কর। এমনকী ইলেক্টোরাল এজও।

ওডিশার পর এবার ঝাড়খণ্ড দখলে মরিয়া বিজেপি। বিজেপি ৮১টি আসনের মধ্যে ৬৮টিতে প্রার্থী দিয়েছিল। এনডিএ জোটে থাকা অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন ১০টি, জনতা দল (ইউনাইটেড) ২টি ও লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) ১টি আসনে প্রার্থী দিয়েছে।
হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা প্রার্থী দিয়েছিল ৪১টি আসনে, কংগ্রেস ৩০টিতে, রাষ্ট্রীয় জনতা দল ৬টিও সিপিআই (এম-এল) লিবারেশন চারটি আসনে লড়েছিল। ঝাড়খণ্ডে মূল লড়াই তাই স্বাভাবিকভাবেই এনডিএ-র সঙ্গে মহাগঠবন্ধনের।
৮১ আসনের ঝাড়খণ্ডে ম্যাজিক ফিগার ৪১। দৈনিক ভাস্করের বুথফেরত সমীক্ষা অনুযায়ী এনডিএ পেতে পারে ৩৭ থেকে ৪০টি আসন। ইন্ডিয়ার ঝুলিতে যেতে পারে ৩৬ থেকে ৩৯টি আসন। অন্যান্য়রা পেতে পারে ০ থেকে ২টি আসন। ফলে কোনও দলই ম্যাজিক ফিগারে পৌঁছতে পারছে না, আভাস এই সমীক্ষায়।
ইলেক্টোরাল এজের বুথফেরত সমীক্ষায় বলা হচ্ছে, ঝাড়খণ্ডে ইন্ডি জোট পেতে পারে ৪২টি আসন। এনডিএ-র ঝুলিতে যেতে পারে ৩২টি আসন। অন্যান্যরা সাতটি আসন পেতে পারে। এখানেও কিন্তু জোর টক্করের আভাস। সামান্য এগিয়ে রাখা হয়েছে মহাগঠবন্ধনকে।
মহারাষ্ট্র বিধানসভায় মোট আসন ২৮৮টি। ম্যাজিক ফিগার ১৪৫। দৈনিক ভাস্করের এগজিট পোলে উল্লেখ, এনডিএ পেতে পারে ১২৫ থেকে ১৪০টি আসন। মহা বিকাশ অঘাড়ি জোটের ঝুলিতে যেতে পারে ১৩৫ থেকে ১৫০টি আসন। অন্যান্যরা ২০ থেকে ২৫টি আসন পেতে পারে।
ইলেক্টোরাল এজের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, এনডিএ ১১৮টি, মহা বিকাশ অঘাড়ি ১৫০টি ও অন্যান্যরা ২০টি আসনে জিতে পারে। লোকশাহী মারাঠী রুদ্রর বুথফেরত সমীক্ষায় এই সংখ্যা হতে পারে যথাক্রমে ১২৮ থেকে ১৪২, ১২৫ থেকে ১৪০ এবং ১৮ থেকে ২৩।












Click it and Unblock the Notifications