বিজেপির সঙ্গে আঁতাত তৃণমূলের! কংগ্রেসকে দুর্বল করার চেষ্টায় দল ছেড়েই বিস্ফোরক আশিস
গোয়ায় যে অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে, এবার ত্রিপুরাতেও সেই একই অভিযোগ উঠে গেল। বিজেপির সঙ্গে আঁতাত করে তৃণমূল কংগ্রেস দুর্বল করার চেষ্টা করছে কংগ্রেসকে।
গোয়ায় যে অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে, এবার ত্রিপুরাতেও সেই একই অভিযোগ উঠে গেল। বিজেপির সঙ্গে আঁতাত করে তৃণমূল কংগ্রেস দুর্বল করার চেষ্টা করছে কংগ্রেসকে। এই অভিযোগ এবার কংগ্রেসের তরফ থেকে নয়, এই অভিযোগ করেছেন খোদ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া এক নেতা। ভিডিও বার্তায় তৃণমূলের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ এনে দল ছেড়েছেন তিনি।

তৃণমূল ছেড়েই ক্ষোভ উগরে দিলেন আশিস
ত্রিপুরা তৃণমূলে তিনি যোগ দিয়েছেন এখনও এক বছর হয়নি। ২০২১-এ এর অক্টোবরে তিনি বিজেপির বিরুদ্ধে তোপ দেগে কালীঘাটে মাথা মুড়িয়ে প্রায়শ্চিত্ত করে যোগ দিয়েছেন তৃণমূলে। তারপর আটমাসেই তাঁর মোহভঙ্গ হয়েছে। প্রাক্তন বিধায়ক আশিস দাস তাই তৃণমূল ছেড়েই ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।

বিজেপির সঙ্গে গোপন আঁতাত রয়েছে তৃণমূলের!
তৃণমূল ছেড়ে আশিস দাস অভিযোগ করেন, বিজেপির সঙ্গে গোপন আঁতাত রয়েছে তৃণমূলের। তাই তাঁরা কংগ্রেসকে ভেঙে বিজেপির সুবিধা করে দিচ্ছেন। গোয়ায় যা করেছেন তা করছেন ত্রিপুরা ও অন্যান্য রাজ্যেও। অভিষেকের সভায় তৃণমূলে যোগ দিয়েছিলেন বিজেপির এই বিধায়ক। কিন্তু তিনিই তৃণমূলের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দিয়ে দল ছাড়ার কথা ঘোষণা করলেন।

বিজেপির সঙ্গে তৃণমূলের কোনও ফারাক নেই!
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে আশিস দাস বলেন, কেন করব, কার জন্য করব তৃণমূল? আমার মতো বিধায়ককে ওরা কাজে লাগাতে পারেনি। ত্রিপুরার মানুষকে ওরা মানুষ হিসেবে গণ্য করে না। ত্রিপুরার ক্ষমতায় আসার জন্য ঘাঁটি গেড়ে বসে থাকবেন বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, তা না হলে উনি এক বাপের ব্যাটা নন। কোথায় গেল তাঁর সেই প্রতিশ্রুতি। পুরনোদের কোনও দায়িত্ব দিচ্ছে না, এক ঘরে করে রেখে দিয়েছে তৃণমূল। বিজেপির সঙ্গে তৃণমূলের কোনও ফারাক নেই।

আশিস দাসের মন্তব্যের কাউন্টার রাজীব বন্দ্যোপাধ্যায়ের
আশিস দাসের এই মন্তব্যের প্রতিবাদে তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, কিছুদিন আগে আশিস দাস স্বেচ্ছায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁকে বারবার বলা সত্ত্বেও তিনি কোনও মিটিং-মিছিলে যাননি। সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে বিভিন্নরকম মন্তব্য করেছেন তিনি। তাঁকে বারবার সতর্ক করে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তাঁর অবস্থান থেকে সরে আসেননি। রাজীবের অভিযোগ, তিনি অন্য কোনও রাজনৈতিক দল থেকে মদত পাচ্ছে। তাঁদের কাছে একটা কোনও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছেন।

উপনির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে দলত্যাগ
এখন প্রশ্ন আশিস দাস কি তবে কংগ্রেস বা অন্য কোনও দলে যোগ দিতে চলেছেন? তা না হলে উপনির্বাচনের আগে তিনি এভাবে সরব হলেন কেন? এক মাসও বাকি নেই উপনির্বাচনের। তার আগে তিনি তৃণমূলের বিরুদ্ধে গর্জে উঠে দল ছাড়লেন। রাজনৈতিক মহল মনে করছে তিনি গতবার যে কেন্দ্র থেকে বিধায়ক হয়েছিলেন সেই সুরমা কেন্দ্রের উপ নির্বাচনে টিকিট পাবেনা বুঝেই বিষোদ্গার করেন। তিনি জানান, মানুষ চাইলে নির্দল হয়ে লড়বেন। তিনি কংগ্রেস বা অন্য কোনও দলে যোগ দেবেন কি না তা স্পষ্ট করেননি।

সুদীপের পদাঙ্ক অনুসরণ করে কংগ্রেসে ফিরবেন আশিস?
সম্প্রতি বিজেপি ছেড়ে বিপ্লব দেব-বিরোধী প্রধান মুখ সুদীপ রায় বর্মন কংগ্রেসে ফিরে গিয়েছেন। আশিস দাসও বিপ্লব দেব-বিরোধী। তাই তিনি সুদীপের পদাঙ্ক অনুসরণ করে কংগ্রেসে ফিরে যাবেন কি না, তা নিয়েই চর্চা চলছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক মহল প্রথমে মনে করেছিল, সুদীপ রায় বর্মন দলবল নিয়ে তৃণমূলে ভিড়বেন। কিন্তু তিনি তাঁর প্রথম দলে ফিরে গিয়েছেন।

সুদীপ রায় বর্মনের কংগ্রেস যোগের পর পট পরিবর্তন!
উল্লেখ্য, গতবার বিধানসভা নির্বাচনের আগে সুদীপ রায় বর্মন কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপর এসেছিল পরিবর্তন। কিন্তু বিজেপিতে গিয়ে প্রথম থেকেই বিদ্রোহী ছিলেন সুদীপ। তাঁর অনুগামীরা এখনও অনেকেই বিজেপিতে রয়েছেন। আশিস দাস তৃণমূলে গিয়েছিলেন। এখন কোন পথ বেছে নেন, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications