'এমন দুর্নীতি আগে দেখিনি...', বিস্ফোরক যোগী সরকারের প্রাক্তন মন্ত্রী
যোগী আদিত্যনাথ সরকারের অস্বস্তি বাড়ালেন বর্ষীয়ান বিজেপি নেতা রাজেন্দ্র প্রতাপ সিং ওরফে মোতি সিং। দুর্নীতি ইস্যুতে বিস্ফোরক দাবি তাঁর। সম্প্রতি একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা বলেন, চার দশকের বেশি রাজনৈতিক জীবন কেটে গিয়েছে। কিন্তু থানা-তহসিলে এমন দুর্নীতি আগে তিনি কখনও দেখেননি বলেই দাবি।
বলে রাখা প্রয়োজন, রাজেন্দ্র প্রতাপ দীর্ঘ সময় যোগী সরকারের গুরুত্বপূর্ণ একটি দফতরের দায়িত্ব সামলেছেন। আর তাঁর মুখেই এমন দুর্নীতির কথা! রীতিমত অস্বস্তিতে উত্তরপ্রদেশের বিজেপি সরকার।

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজেন্দ্র প্রতাপ সিং ওরফে মোতি সিং বলেন, কেলেঙ্কারি একেবারে রন্ধ্রে পৌঁছে গিয়েছে। বিশেষ করে থানা এবং তহসিলে পরিস্থিতি খুবই উদ্বেগের। অবশ্যই দুর্নীতি এই ক্ষেত্রে শেষ হওয়া উচিৎ বলে মনে করেন বিজেপি নেতা। শুধু তাই নয়, দুর্নীতি শেষ হলেই ভোটারদের আসল সম্মান দেওয়া হবে বলে মনে করেন তিনি।
পট্টি বিধানসভা কেন্দ্রে, বিজেপি ব্লক অডিটোরিয়ামে একটি ভোটার সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিধানসভার অধীনস্থ সকল বিভাগের ভোটারদের সম্মান জানানো হয়। রাজেন্দ্র প্রতাপ সিং ছাড়াও সেখানে একাধিক বিজেপি শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।
সে রাজ্যের বিজেপির জেলা ইনচার্জ বলেন, আমাদের ২০২৭ এর দিকে তাকাতে হবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে ফের একবার উত্তরপ্রদেশের বুকে সরকার গঠনের কথাও বলেন। সেখানেই বক্তব্য রাখেন প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী রাজেন্দ্র প্রতাপ সিং।












Click it and Unblock the Notifications