দিল্লিতে প্রত্যেক কোভিড পজিটিভ ব্যক্তি আরও ২ জনকে সংক্রমিত করছে, দাবি আইআইটি মাদ্রাসের
দিল্লিতে প্রত্যেক কোভিড পজিটিভ ব্যক্তি আরও ২ জনকে সংক্রমিত করছে, দাবি আইআইটি মাদ্রাসের
দেশের রাজধানীতে কোভিড সংক্রমণ বাড়ছে। এবার নতুন উদ্বেগের কথা শোনালো আইআইটি মাদ্রাস। দিল্লির কোভিড সংক্রমণের আর ভ্যালু ২.১ এ পৌঁছেছে৷ এই আর ভ্যালু কোনও একটি জায়গার করোনা এর বিস্তারকে নির্দেশ করে৷ এই সপ্তাহে দিল্লিতে আর ভ্যালু ২.১ রেকর্ড করা হয়েছে। যা বোঝায় যে প্রতিটি সংক্রমিত ব্যক্তি জাতীয় রাজধানীতে অন্য দুজনকে সংক্রামিত করছে৷ আইআইটি-মাদ্রাস এই তথ্য তুলে ধরেছে৷ 'আর' বা প্রজনন মান নির্দেশ করে যে একজন সংক্রামিত ব্যক্তি কতজন লোককে এই রোগটি ছড়িয়ে দিতে পারে এবং এই মানটি একের নিচে চলে গেলে একটি মহামারী শেষ হবে বলে মনে করা হয়। দিল্লিতে এই কম্পিউটেশনাল মডেলিংয়ের প্রাথমিক বিশ্লেষণটি আইআইটি মাদ্রাসের গণিত বিভাগ এবং সেন্টার অফ এক্সিলেন্স ফর কম্পিউটেশনাল ম্যাথমেটিক্স অ্যান্ড ডেটা সায়েন্স দ্বারা করা হয়েছে৷ যার নেতৃত্বে ছিলেন অধ্যাপক নীলেশ এস উপাধ্যায় এবং অধ্যাপক এস সুন্দর।

ভারতের আর-মান বর্তমানে ১.৩-এ দাঁড়িয়েছে। তাই দিল্লিতে ক্রমবর্ধমান আর মান করোনার চতুর্থ তরঙ্গের ইঙ্গিত দিচ্ছে বলেও অনেকে মনে করছেন৷ আইআইটি-মাদ্রাজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ জয়ন্ত ঝা বলেন, 'আরও একটি কোভিড ওয়েভ খুব তাড়াতাড়ি আছড়ে পরতে পারে৷ আমরা এখনই বলতে পারি যে দিল্লিতে প্রত্যেক ব্যক্তি অন্য দু'জনকে প্রভাবিত করছে। তবে কোভিডের আরও একটি তরঙ্গের সূচনা হয়েছে এটা বলার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে৷ আমরা জানিনা শেষ তিনটি ওয়েভ ও ভ্যাকসিন সাধারণ মানুষের শরীরে কি ইমিউনিটি তৈরি করেছে৷ সেটির উপরও অনেক কিছু নির্ভর করছে৷'
ঝা আরও বলেন, ' আমরা কোভিডের বর্তমান অবস্থা সম্পর্কে এখনও সবটা জানি না! তৃতীয় তরঙ্গের সময় যারা আক্রান্ত হয়েছিল তারা কি এখন আক্রান্ত হচ্ছেন নাকি আর হচ্ছে না সেটাও দেখতে হবে৷যদিও ডক্টর ঝা বলেছেন, মেট্রো শহরগুলি যেমন, মুম্বাই, চেন্নাই এবং কলকাতায় এই ধরণের প্রবণতা চিহ্নিত করার জন্য মামলার সংখ্যা খুবই কম। তবে দিল্লি অতি দ্রুত কোভিড -১৯ মামলার সংখ্যা বৃদ্ধির সাক্ষী হচ্ছে। শুক্রবার শহরটিতে ১০৪২ টি নতুন কোভিড কেস চিহ্নিত হয়েছে। দিল্লিতে কোভিড পজিটিভ হওয়ার হার ৪.৬৪ শতাংশ। দিল্লিতে নতুন করে কোভিড সংক্রমণের বড় অংশই ওমিক্রনেরই একটি সাব ভেরিয়েন্ট বিএ.২ বলে চিহ্নিত হচ্ছে।
একটি সমীক্ষায় দাবি করা হয়েছে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে দিল্লিতে কোভিড সংক্রমণ ৫০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ কোভিডের এই ক্রমাগত বৃদ্ধিতে বেশিরভাগ নমুনার জিনোম সিকোয়েন্সিংয়ে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্টটি বেরিয়েছে৷ দিল্লিতে করোনার সাম্প্রতিক বৃদ্ধির পিছনে ও ওমিক্রনের সাব ভেরিয়েন্টটিই রয়েছে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা৷












Click it and Unblock the Notifications