যোগী রাজ্যেও ডেল্টা প্লাসের থাবা, আতঙ্কের আবহে তবে কী শীঘ্রই আছড়ে পড়ছে করোনার তৃতীয় ঢেউ?
ভারতে ক্রমেই চওড়া হচ্ছে ডেল্টা প্লাসের থাবা। দেশব্যাপী নিম্নমুখী সংক্রমণের মধ্যেও একাধিক রাজ্যে উদ্বেগ বাড়িয়ে চলেছে করোনার এই নতুন স্ট্রেন। এমতাবস্থায় এবার ডেল্টা প্লাসের থাবা পড়ল উত্তরপ্রদেশেও। সূত্রের খবর, রাজ্যের মধ্যে এই প্রথম গোরক্ষপুর ও দেওরিয়ায় ডেল্টা প্লাসে আক্রান্তের খোঁজ মিলল। যার মধ্যে একজন রোগী ইতিমধ্যেই মারাও গিয়েছেন বলে জানা যাচ্ছে।

এদিকে বুধবারই ডেল্টা প্লাস নিয়ে নতুন করে উদ্বেগের কথা শোনায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বর্তমানে ৩৫ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পা রেখেছে মারণ ডেল্টা। রোগীর খোঁজ মিলেছে ১৭৪টি জেলা থেকে।স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গেছে, এর মধ্যে সর্বাধিক আক্রান্তের খোঁজ মিলেছে মহারাষ্ট্র, দিল্লি, পঞ্জাব, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ এবং গুজরাটে।
এদিকে ডেল্টা প্লাসের সংক্রমণের খবর নতুন করে উদ্বেগ বেড়েছে উত্তরপ্রদেশে। সেখানে যে দুজন আক্রান্তের খোঁজ মিলেছে তার মধ্যে একজন দেওরিয়ায় ৬৬ বছরের এক করোনা আক্রান্ত রোগী। মে মাসের ১৭ তারিখ প্রথম তার শরীরে করোনার খোঁজ মেলে। যিনি ইতিমধ্যে মারাও গিয়েছেন। অন্যজন গোরক্ষপুরের ২৩ বছরের এক ডাক্তারি পড়ুয়া। তার শরীরেও মিলেছে ডেল্টা প্লাস স্ট্রেন।
এদিকে বর্তমানে গোটা দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের তীব্রতা কমে এলেও চোখ রাঙাচ্ছে তৃতীয় ঢেউ। আর তার প্রধান কারিগর হিসাবে মনে করা হচ্ছে ডেল্টা প্লাসকেই। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে ডেল্টা স্ট্রেনের হাত ধরেই দ্বিতীয় ঢেউ প্রথম আছড়ে। বর্তমানে বিশ্বের ১০০টির বেশি দেশে ছড়িয়েছে ডেল্টা। এই ডেল্টারই নয়া দোসর ডেল্টা প্লাস। যা আগের ডেল্টা প্রতিরূপের থেকে কয়েকগুণ বেশি সংক্রমক ও মারণ ক্ষমতাও বেশি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications