১৯ দিনের সংসদ অধিবেশনের ইতি, লোকসভা ও রাজ্যসভা অনির্দিষ্টকালের জন্য মুলতুবি
১৯ দিনের দীর্ঘ সংসদের শীতকালীন অধিবেশন শুক্রবার আনুষ্ঠানিকভাবে শেষ হল। লোকসভা ও রাজ্যসভা দুই কক্ষই অনির্দিষ্টকালের জন্য মুলতুবি (সিনে ডাই) ঘোষণা করা হয়। লোকসভায় ১৫টি কার্যদিবসের এই সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ অধিবেশনে একাধিক উল্লেখযোগ্য বিল পাশ হয়।
তার মধ্যে অন্যতম, বেসরকারি সংস্থার জন্য অসামরিক পারমাণবিক শক্তি ক্ষেত্রে প্রবেশের পথ খুলে দেওয়া সংক্রান্ত বিল। পাশাপাশি গ্রামীণ কর্মসংস্থানে বড় বদল এনে এমজিএনআরইজিএ এর জায়গায় নতুন আইন হিসেবে প্রস্তাবিত ভিবি জি রাম জি বিল পাশ হয়।

এই বিলের মাধ্যমে গ্রামীণ ভারতে বছরে ১২৫ দিনের নিশ্চিত কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে বৃহস্পতিবার এই বিল পাশের সময় বিরোধীদের তীব্র প্রতিবাদ, কাগজ ছেঁড়া ও হট্টগোলে উত্তাল হয়ে ওঠে সংসদ।
এই অধিবেশনে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় 'বন্দে মাতরম্' এর ১৫০ বছর পূর্তি ও নির্বাচন সংস্কার। দু'টি আলোচনাই রাজনৈতিক উত্তাপের আবহে অনুষ্ঠিত হয়। উচ্চশিক্ষা নিয়ন্ত্রণের জন্য পৃথক নিয়ন্ত্রক সংস্থা গঠনের একটি বিল যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়। পাশাপাশি বাজার সিকিউরিটিজ কোড সংক্রান্ত আরেকটি বিল পেশ করে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির কাছে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে।
এদিকে রাজ্যসভায় চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণন ১৫ দিনের অধিবেশনে সম্পন্ন হওয়া আইন প্রণয়ন ও অন্যান্য কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ পাঠ করেন। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে রাজ্যসভার অধিবেশনও অনির্দিষ্টকালের জন্য মুলতুবি ঘোষণা করা হয়।
এর মধ্য দিয়ে নানা বিতর্ক, আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সাক্ষী থাকা সংসদের শীতকালীন অধিবেশনের পর্দা নামল।












Click it and Unblock the Notifications