Justin Trudeau: আসন্ন নির্বাচনেই সরকার পড়ে যাবে ট্রুডোর! ভারত-কানাডা সংঘাতের মাঝেই বিস্ফোরক ইলন মাস্ক
Justin Trudeau: আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জিততেই কানাডার প্রধানমন্ত্রীকে নিয়ে বড়সড় দাবি করলেন টেসলার কর্ণধার ইলন মাস্ক (Elon Musk)। আগামী বছরেই কানাডায় রয়েছে সাধারণ নির্বাচন। সেখানের ট্রডোর সরকারকে মানুষ কানাডার (Canada) মসনদ থেকে সরিয়ে দেবে বলে দাবি ইলন মাস্কের।
২০২৫-এর ২০ অক্টোবর কানাডায় সাধারণ নির্বাচন (Canada Elections) হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনেই জাস্টিন ট্রুডোকে কানাডাবাসী সরিয়ে দেবে বলে দাবি তুললেন ইলন। ইলনের এই দাবি আসলে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টকে ঘিরে। এক্স হ্যান্ডেলে ওই পোস্টে লেখা ছিল, "জার্মানির জোট সরকারের পতন হয়েছে।" রিটুইট করে ইলন ক্যাপশনে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ়কে মূর্খ বলে কটাক্ষ করেন।

মাস্কের পোস্টে রিপ্লাই দেন অপর এক নেটাগরিক। কানাডার ট্রুডোর সরকারের থেকে পরিত্রাণ পেতে ইলন মাস্কের সহায়তা চান তিনি। পাল্টা উত্তর দেন টেসলা কর্ণধারও। লেখেন, পরবর্তী সাধারণ নির্বাচনেই পরাজিত হবেন ট্রুডো।
উল্লেখ্য,কানাডায় আগামী বছরের সাধারণ নির্বাচন ট্রুডোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ২০১৩ থেকে কানাডায় লিবার্টি পার্টিকে নেতৃত্ব দিয়ে আসছেন ট্রুডো। কিন্তু বর্তমানে তাঁর সরকার সংখ্যাগরিষ্ঠতার অভাবে ভুগছে। যার জেরেই আসন্ন নির্বাচনে ট্রুডোর পরাজয়ের সম্ভাবনা প্রবল।
২০২৫ এর ভোটে ট্রুডোর বিরুদ্ধে লড়াইয়ে সামিল হবে একাধিক রাজনৈতিক দল। যার মধ্যে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টি। ট্রুডোর বিরুদ্ধে লড়াইয়ের প্রধান মুখ বিরোধী দলনেতা পিয়েরি পলিভিয়ার। অন্যদিকে নিউ ডেমোক্রেটিক পার্টির জগমিৎ সিং-ও রয়েছেন লড়াইয়ে।
প্রসঙ্গত, খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের উপর হামলা নিয়ে কার্যত তলানিতে ঠেকেছে কানাডা ও ভারতের সম্পর্ক। কানাডার অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে নয়াদিল্লি। ট্রুডোর সরকারের আমলে খালিস্তানি জঙ্গিদের বাড়বাড়ন্ত নিয়েও কড়া বার্তা দিয়েছে ভারত। ভারতীয় কূটনীতিকদের উপর নজরদারি থেকে সেখানের হিন্দু মন্দিরে হামলা চালানোর ঘটনায় ট্রুডো সরকারকে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদীও।












Click it and Unblock the Notifications