ছত্তিশগড়ে সড়ক দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী বাঘেলের
বুধবার গভীর রাতে ছত্তিশগড়ের বালোদ জেলার জাগাত্রার কাছে পথ দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। সেখানে একটি ট্রাক ও একটি হাড়ের মুখোমুখি সংঘর্ষ হয়। মৃতদের মধ্যে ৫জন মহিলা ও দুজন শিশু ছিল বলে জানা গিয়েছে। এই ঘটনায় একটি শিশু গুরুতর আহত হয়েছে।
প্রশাসন সূত্রে খবর আহতদের ভাল চিকিৎসার জন্য রায়পুরে রেফার করা হয়েছে। বালোদের পুলিশ সুপার জানিয়েছেন, ট্রাকের চালকের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুরুর থানার এক আধিকারিক জানিয়েছেন মৃতরা কাঙ্কের জেলার মারকাটোলা গ্রামে একটি বিয়েতে যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময় তাদের গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িটির দশ আরোহীর মৃত্যু হয় ঘটনাস্থলেই। হাসপাতালে একটি শিশুর মৃত্যু হয়। মৃতদেহগুলি পোস্ট মর্টেমের জন্য পাঠানো হয়েছে। পথ দুর্ঘটনায় এত মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

অন্যদিকে বিহারে একটি পথ দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। একটি দ্রুতগামী ট্রাক একটি থ্রি হুইলারকে চাপা দিলে শিশু-সহ সাতজনের মৃত্যু হয়। চারজন আহত হন। বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে সীতামারি জেলায় নিজেদের গ্রামে ফেরার সময় এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে।
সীরামারির মহকুমা শাসক জানিয়েছে মৃতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের অবস্থা স্থিতিশীল বলেও জানিয়েছেন মহকুমা শাসক। ঘাতক ট্রাকের চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। আহতদের পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থার নির্দেশ দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications