নির্বাচনের মাঝে ব্যাকফুটে গেরুয়া শিবির, কমিশনের পদক্ষেপে অস্বস্তিতে বিজেপির হেভিওয়েট নেতা
হিমন্ত বিশ্ব শর্মাকে আগেই ৪৮ ঘণ্টার জন্য নির্বাচনী প্রচার থেকে নিষিদ্ধ করা হয়েছিল। এবার হিমন্ত বিশ্ব শর্মার ভাই তথা গোয়ালপাড়ায় অসম পুলিশ সুপার সুশান্ত বিশ্ব শর্মাকে বদলি করল নির্বাচন কমিশন। শুক্রবার একটি নির্দেশিকা জারি করে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, সুশান্তকে আপাতত রাজ্য হেডকোয়ার্টারে বদলি করা হচ্ছে। গোলপাড়ার নয়া এসপি হচ্ছেন বীরা রাকেশ রেড্ডি।

কমিশনের সিদ্ধান্তে বেকায়দায় হিমন্ত
এর আগে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করে জানায়, ৪ এপ্রিল পর্যন্ত বিজেপির এই তারকা প্রচারক প্রচারে নামতে পারবেন না। নেপথ্যে বোড়োল্যান্ড পিপলস ফ্রন্টের প্রধানের বিরুদ্ধে তাঁর হুমকিমূলক বক্তব্য। এদিকে অসমের তৃতীয় এবং অন্তিম দফার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ৬ এপ্রিল। তার আগে ৪ এপ্রিল বিকেল ৫টার পর আর প্রচার করা যাবে না। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার অর্থ হিমন্ত বিজেপির হয়ে আর প্রচারে নামতেই পারবেন না।

আদালতের দ্বারস্থ হিমন্ত
কংগ্রেস থেকে বিজেপিতে এসে অসমের রাজনৈতিক মানচিত্র বদলে দিয়েছিলেন হিমন্ত। ভোটের মাঝেই সেই হিমন্তকে প্রচারে না পেয়ে স্বভাবতই কিছুটা হলেও ব্যাকফুটে বিজেপি। জানা গিয়েছে কংগ্রেসের অভিযোগের ভিত্তিতেই হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন অন্যদিকে কমিশনের এই নির্দেশিকার বিরুদ্ধে গুয়াহাটি আদালতে যাওয়ার কথা জানান।

হিমন্তের বিরুদ্ধে অভিযোগ
হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অভিযোগ ছিল, বোড়োল্যান্ড পিপলস ফ্রন্টের নেতা হগরামা মোহিলারির বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য পেশ করেছেন তিনি। ভোট প্রচারের সময় নাকি হিমন্ত বলেছিলেন, এনআইএ-কে ব্যবহার করে বোড়োল্যান্ড পিপলস ফ্রন্টের নেতা হগরামা মোহিলারিকে জেলে পাঠাবেন তিনি। উল্লেখ্য, চলতি নির্বাচনে বিজেপির হাত ছেড়ে বিপিএফ কংগ্রেসের হাত ধরেছে।

কী বলেছিলেন হিমন্ত?
উল্লেখ্য, হিমন্ত বিশ্ব শর্মা এক জনসভায় বলেছিলেন, 'হগরামা যদি কট্টরপন্থার পথ অবলম্বন করেন তাহলে তাঁকে জেলে পাঠানো হবে। এটা সোজা কথা। যদি হগরামা বাথাকে (বিচ্ছিনতাবাদী নেতা) এই বিষয়ে অনুপ্রাণিত করেন তাহলে তাঁরা জেলে যাবেন। এই বিষয়ে আমাদের কাছে ইতিমধ্যেই তথ্য প্রমাণ রয়েছে। বোড়োল্যান্ডে কাউকে অশান্তি ছড়াতে দেওয়া হবে না।'












Click it and Unblock the Notifications