তিন রাজ্যে বেজে গিয়েছে বিধানসভা ভোটের দামামা, নির্ঘণ্ট প্রকাশের পথে নির্বাচন কমিশন
ভারতের নির্বাচন কমিশন এদিন শুক্রবার তিন রাজ্যে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করছে। ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে কবে বিধানসভা ভোট হবে তা এদিন জানাতে পারে কমিশন।
ভারতের নির্বাচন কমিশন এদিন শুক্রবার তিন রাজ্যে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করছে। ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে কবে বিধানসভা ভোট হবে তা এদিন জানাতে পারে কমিশন। ভোট হতে পারে ফেব্রুয়ারিতে। মনে করা হচ্ছে, উত্তর-পূর্বের এই রাজ্যগুলিতে একই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মেঘালয়, নাগাল্যান্ড ও ত্রিপুরার প্রত্যেকটিতে ৬০টি করে বিধানসভা আসন রয়েছে। মার্চের ৬, ১৩ ও ১৪ তারিখে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে।
তিন রাজ্যে তিনটি দল ক্ষমতায় রয়েছে। বামশাসিত ত্রিপুরায় ক্ষমতায় মানিক সরকারের দল, মেঘালয়ে কংগ্রেস ও নাগাল্যান্ডে নাগা পিপলস ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স অব নাগাল্যান্ড ক্ষমতা ধরে রেখেছে। এতে সমর্থন রয়েছে বিজেপির।
ত্রিপুরায় মোট ভোটার ২৫ লক্ষ ৬৯ হাজার ২১৬জন। এই প্রথম সেখানে তৃতীয় লিঙ্গের ভোটাররা ভোট দেবেন। সেজন্য মোট ১১জন নাম নথিভুক্ত করেছেন। বাকী ভোটারদের মধ্যে ১৩ লক্ষ ৩ হাজার ৪২০ জন পুরুষ ও বাকী ১২ লক্ষ ৬৫ হাজার ৭৮৫জন মহিলা।
মেঘালয়ে মহিলা ভোটার বেশি। মোট ১৮ লক্ষ ৩০ হাজার ১০৪টি ভোটের মধ্যে মহিলা ভোট ৯ লক্ষ ২৩ হাজার ৮৪৮টি।
নাগাল্যান্ডে অভ্যন্তরীণ বিবাদের জেরে নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি উঠেছিল। বিবাদ মেটাতে হস্তক্ষেপ করে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং স্পষ্ট জানিয়েছেন, নাগাল্যান্ডে সঠিক সময়েই নির্বাচন হবে।












Click it and Unblock the Notifications