Jharkhand Assembly Election 2024: ভোটের মুখেই মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিবের বাড়িতে আয়কর তল্লাশি
Jharkhand Assembly Election 2024: ভোটের মুখেই ঝাড়খণ্ডে আয়কর হানা। রাজ্যের একাধিক জায়গায় আয়কর বিভাগের তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। শনিবার সকাল থেকে তল্লাশি শুরু হয়েছে। যাঁদের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, তাঁদের মধ্যে রয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের অন্যতম সহযোগী এক ব্যক্তিও।
এমন একটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে, যার সঙ্গে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব সুনীল শ্রীবাস্তবের যোগ রয়েছে। সূত্রের খবর, শনিবার সকালে রাঁচিতে সুনীল শ্রীবাস্তবের বাড়িতে গিয়ে হাজির হন আয়কর দফতরের আধিকারিকরা। ঝাড়খণ্ডের রাঁচি ও জামশেদপুরে অন্তত ৯টি জায়গায় তল্লাশি চলছে এদিন ভোর থেকে। আয়কর দফতরের আধিকারিকদের সঙ্গে রয়েছে সিআরপিএফ জওয়ানরা (jharkhand assembly election 2024) ।

সম্প্রতি অবৈধ মদ ব্যবসা ও অবৈধ খননের অভিযোগের ভিত্তিতে তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও সিবিআই। সেই তদন্তের সঙ্গেই এই আয়কর তল্লাশির যোগ আছে বলে জানা যাচ্ছে। ঝাড়খণ্ডে বিধানসভা ভোট আসন্ন। আগামী ১৩ নভেম্বর রয়েছে প্রথম দফার ভোট ও ২০ নভেম্বর দ্বিতীয় দফার ভোট। তার আগে এই তল্লাশি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এই রাজ্যে এমন তল্লাশি এই প্রথমবার হল না। গত অক্টোবর মাসের শেষের দিকে ঝাড়খণ্ডে অভিযান চালিয়েছিল ইডি। সেই তল্লাশির পিছনে ছিল জলজীবন মিশনে আর্থিক কেলেঙ্কারির মামলা। কেলেঙ্কারির অভিযোগেই ওই অভিযান চালানো হয়েছিল। সেই সময় ইডি তল্লাশি হয়েছিল ঝাড়খণ্ডের মন্ত্রী মিথিলেশ ঠাকুরের ভাই বিনয় ঠাকুর থেকে শুরু করে মন্ত্রীর ব্যক্তিগত সচিব হরেন্দ্র সিং সহ একাধিক আধিকারিকের বাড়িতে।
উল্লেখ্য, গত জুন মাসেই জেল থেকে ছাড়া পান হেমন্ত সোরেন। চলতি বছরের ৩১ জানুয়ারি ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত মামলায় গ্রেফতার করা হয় হেমন্ত সোরেনকে। ইডি-র হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। তার আগে মুখ্যমন্ত্রী পদে ইস্তফাও দেন। পরে জেল থেকে বেরিয়ে ফের মুখ্যমন্ত্রী হন তিনি।












Click it and Unblock the Notifications