Eknath Shinde: বৈঠক বাতিল মহাজুটির, মুখ্যমন্ত্রী-রহস্য জিইয়ে দিল্লি থেকে সোজা গ্রামে চলে গেলেন শিন্ডে
Eknath Shinde: মহারাষ্ট্রে পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম নিয়ে এখনও জল্পনা। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে রাতভর মহাজুটির (Mahayuti) বৈঠকের পরও জানা গেল না সিদ্ধান্ত। তবে আগামী ২ দিনের মধ্যে সবটা পরিষ্কার হয়ে যাবে বলে শুক্রবার মন্তব্য বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের।
সূত্রের খবর, দিল্লিতে শাহি বৈঠকের পর শুক্রবার মুম্বইতে মহাজুটির দুটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বৈঠক বাতিল করে সোজা নিজের গ্রামে রওনা দেন একনাথ শিন্ডে। বৃহস্পতিবার শাহের বাড়িতে বৈঠকে ছিলেন বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ, এনসিপির অজিত পাওয়ার ও শিবসেনার একনাথ শিন্ডে। ফড়নবীশ ও অজিত আগেই দিল্লি ছাড়লেও বাড়তি কিছুটা সময় থেকে বৈঠক সারেন শিন্ডে।

দিল্লি ছেড়ে মুম্বই ফিরে আসার পথে শিন্ডে জানান, "আগামী ১ বা ২ দিনেই আমরা মুখ্যমন্ত্রী পদে কে বসবেন, সেই সিদ্ধান্ত নেব। আলোচনা আগের মতোই জারি থাকবে।" মহারাষ্ট্রে সরকার গঠনের পথে শিন্ডে সেনা অন্তরায় হবে না বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের পরামর্শ মেনে চলার ব্যাপারেই উৎসাহী শিন্ডে।
মুম্বই ফিরে সাতারার গ্রামের বাড়িতে ফিরে যাবেন শিন্ডে। অমিত শাহের (Amit Shah) বাড়িতে বৈঠক ফলপ্রসূ ও ইতিবাচক হয়েছে বলে শুক্রবার জানান একনাথ শিন্ডে। জানা গিয়েছে, বৈঠক থেকে মহারাষ্ট্রের মন্ত্রিসভায় ১২টি আসন দাবি করেছেন তিনি। বৈঠকে দেবেন্দ্র ফড়নবীশকেই (Devendra Fadnavis) মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শিন্ডে ও অজিত সমর্থন করেছেন বলেও সূত্রের খবর।
অন্যদিকে, শুক্রবার আগে বৈঠকে বসতে পারে বিজেপির পরিষদীয় দল। সেখানে পরিষদীয় দলনেতা নির্বাচন করা হবে। দলের অভ্যন্তরীণ আলোচনার পর মহাজুটির বৈঠক হবে বলে জানা গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, মহারাষ্ট্রের মন্ত্রিসভায় ২০ জন মন্ত্রী থাকবে বিজেপির।
প্রসঙ্গত, ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় ২৩০টি আসন জিতেছে মহাজুটি। একা ১৩২টি আসন পেয়েছে বিজেপি। শরিক একনাথ শিন্ডের শিবসেনা পেয়েছে ৫৭টি আসন এবং অজিত পাওয়ারের এনসিপি ৪১টি আসনে জয়ী হয়েছে। সব ঠিক থাকলে মহারাষ্ট্রে নতুন সরকারের শপথ গ্রহণ হতে পারে ২ অথবা ৫ ডিসেম্বর।












Click it and Unblock the Notifications