একনাথ শিন্ডেকে বিধানসভায় দলের নেতা বেছে ফেলল শিবসেনা
বিধানসভা ভোটে জেতার পর প্রথম দলীয় বৈঠকে শিব সেনার তরফে দলের বিধানসভার নেতা বেছে নিল দল। মনে করা হয়েছিল, হয়ত আদিত্য ঠাকরেকে দলের নেতা বাছাই করা হবে। তবে তা না করে একনাথ শিন্ডেকে বেছে নেওয়া হয়েছে বিধানসভার পরিষদীয় দলনেতা হিসাবে।

আদিত্য ঠাকরে পরিবার থেকে প্রথম বিধায়ক হিসাবে মহারাষ্ট্র বিধানসভায় পা রাখতে চলেছেন। জানিয়েছেন, এখনই তিনি সরকারের অংশীদার হতে চান না। যা শুনে উদ্ধব রাজি হয়েছেন বলেই জানা গিয়েছে।
এক বরিষ্ঠ শিবসেনা নেতা বলেছেন, উদ্ধব মনে করেছেন, আদিত্যর আগে আইনি বিষয়গুলি বিধায়ক হিসাবে রপ্ত করতে হবে। তারপরই এগোনো সঠিক হবে। তারপরই একনাথকে বাছা হয়। তিনি বিদায়ী মন্ত্রিসভারও সদস্য ছিলেন।
বর্তমানে যা অবস্থা তাতে বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন দেবেন্দ্র ফড়নবীশ। সমর্থন দেওয়া শিবসেনা হয়ত উপমুখ্যমন্ত্রী পদ নিয়েই সন্তুষ্ট থাকবে। খুব বেশি হলে নতুন মন্ত্রিসভায় কয়েকজন সদস্য বাড়তে পারে শিবসেনার।
বিদায়ী সরকারে বিজেপির ২৭ জন ও শিবসেনার ১৩ জন মন্ত্রী রয়েছে। অন্য ছোট সঙ্গীদের তিনজন মন্ত্রী রয়েছে। সেটাই কমবেশি হতে পারে। কারণ শিবসেনা প্রথমে অনড় থাকলেও বিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, মুখ্যমন্ত্রিত্ব ছাড়া হবে না। তারপরই সুর নরম করতে বাধ্য হয়েছে শিবসেনা।












Click it and Unblock the Notifications