Maharashtra Assembly Election: ভোটের কাজে লাগাতে ১২৫ কোটি তছরুপ! মহারাষ্ট্র ও গুজরাতে ইডির ম্যারাথন তল্লাশি
Maharashtra Assembly Election 2024: মহারাষ্ট্রে বিধানসভা ভোটের আগে বড়সড় আর্থিক দুর্নীতির পর্দাফাঁস। এক ব্যক্তির বিরুদ্ধে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ১২৫ কোটি টাকা তছরুপের (Money Laundering) অভিযোগ। ঘটনায় বৃহস্পতিবার মহারাষ্ট্র ও গুজরাত মিলিয়ে ২৪টি জায়গায় ম্যারাথন তল্লাশি (Search Operation) চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED)।
আর্থিক তছরূপের ঘটনায় মহারাষ্ট্রের ম্যালেগাঁওয়ের (Malegaon) ব্যবসায়ীকে অভিযুক্ত চিহ্নিত করে গ্রেফতার করেছে পুলিশ। সিরাজ আহমেদ হারুন মেমন নামে ওই ব্যবসায়ী চা ও ঠান্ডা পানীয়র ব্যবসা করেন বলে সূত্রের খবর। ম্যালেগাঁওতে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে (Multiple Accounts) ওই বিপুল পরিমাণ অর্থ ভাগে ভাগে লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

বৃহস্পতিবার মহারাষ্ট্রের নাসিক, ম্যালেগাঁও, ভাসি ও থানেতে ওই ব্যবসায়ী ও তার কোম্পানির একাধিক সম্পত্তিতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। গুজরাতের সুরাট ও আহমেদাবাদেও চলে জোর তল্লাশি। মহারাষ্ট্রের বিধানসভা ভোটে ওই বিপুল পরিমাণ অর্থ ব্যবহার করার উদ্দেশ্যে লেনদেন করা হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে।
ম্যালেগাঁওতে জয়েশ মিসাল নামে স্থানীয় এক যুবক সহ ১১ জন ওই ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ব্যবসায় টাকা বিনিয়োগের অছিলায় সমবায় ব্যাঙ্কগুলিতে অন্যদের নামে বারবার অ্যাকাউন্ট খোলে অভিযুক্ত। অভিযোগকারী ওই যুবক জানান, বাজারে কাজ দেওয়ার নামে তাঁদের কেওয়াইসি তথ্য হাতিয়ে পরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলে অভিযুক্ত।
মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ঠিক আগে ২০০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ১২৫ কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগ উঠেছে। সাত রাজ্যে ঘুরে মহারাষ্ট্রের মালেগাঁওয়ের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে বলে অভিযোগ। ভোটের আগে বিপুল পরিমাণ অর্থের বেআইনি লেনদেন নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
২০ নভেম্বর মহারাষ্ট্রে এক দফাতেই হবে বিধানসভা নির্বাচন। বিজেপি নেতার দাবি,মহারাষ্ট্রে মুসলিম ভোট আগেভাগে ঝুলিতে ঢোকাতে টাকার টোপ দেওয়া হচ্ছে। যদিও অভিযোগের সত্যতা যাচাই করতে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত চালিয়ে যাচ্ছেন আধিকারিকরা।












Click it and Unblock the Notifications