ED Raid: সাত সকালে ফের ইডি তল্লাশি শহরে, নিয়োগ দুর্নীতির তদন্তে ক্যানিং স্ট্রিটে অভিযান তদন্তকারী অফিসারদের
নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতায় ইডি হানা। ক্যানিং স্ট্রিটের একটি অফিসে অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে অফিসটি রাজেশ যোশী নামে এক চার্টার্ড অ্যাকাউটেন্টের।
সাত সকালে হাজির হওয়ায় অফিস বন্ধ ছিল। চাবির জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে তাঁদের। তদন্তকারীরা অফিসের ভেতরে খাকা সব নথি খতিয়ে দেখবেন বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা অফিস ঘিরে রেখেছে।

রাজেশ যোশী নামে ওই চার্টার্ড অ্যাকাউটেন্টের আরও দুটি দফতরে তল্লাশি শুরু করেছে তদন্তকারীরা। কাঁকুরগাছি এবং মানিকতলায় দুটি অফিসে সকাল থেকে অভিযান শুরু হয়েছে। মানিকতলা রোডে একটি বহুতলেও তল্লাশি অভিযান শুরু করেছেন তদন্তকারীরা। কয়েকদিন আগেও কলকাতা শহরের একাধিক জায়গায় নিয়োগ দুর্নীতির তদন্তে তল্লাশি চালায় ইডি। তবে কীসের সূত্র ধরে এই চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে এবং অফিসে তল্লাশি অভিযান তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।
প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েক মাসে রাজ্যের একাধিক নেতা মন্ত্রীকে গ্রেফতার করেছে ইডি। সর্বশেষ গ্রেফতারির মধ্যে রয়েছে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতির ঘটনায় তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁর অফিসে এবং বাড়িতে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ সহযোগী বাকিবুর রহমানকেও গ্রেফতার করেছে তদন্তকারীরা।
বাকিবুরের ১০০ কোটির সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন বাকিবুরের মাধ্যমেই রেশনের চাল খোলা বাজারে বেশি দামে বিক্রি করা হতো এবং রেশনে খারাপ দেওয়া হতো। অর্থাৎ কেন্দ্রের দেওয়া চাল ঘুর পথে চলে যেত বাকিবুরের কাছে। বাকিবুরকে জেরা করে আরও একাধিক তথ্য জানতে পেরেছেন তদন্তকারীরা।












Click it and Unblock the Notifications