Arvind Kejriwal: কেজরিওয়ালের উপর চাপ বাড়াচ্ছে ইডি, দিল্লির আদালতে নয়া অভিযোগ বিপাকে ফেলবে মুখ্যমন্ত্রীকে?
Arvind Kejriwal: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ইডি হেফাজতে এখন হেমন্ত সোরেন। এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কি কেন্দ্রীয় এজেন্সির সমন এড়িয়ে বিপাকে পড়তে চলেছেন?
এই প্রশ্নেই এখন সরগরম রাজধানীর রাজনীতি। আম আদমি পার্টির সুপ্রিমোর জন্য ৭ ফেব্রুয়ারি দিনটি গুরুত্বপূর্ণ হতে চলেছে।

দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে কেজরির বিরুদ্ধে নয়া অভিযোগ এনেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লি সরকারের আবগারী নীতিতে দুর্নীতির যে অভিযোগ উঠেছে তা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য কেজরিকে সমন পাঠানো হয়েছিল। কিন্তু তিনি পাঁচবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে হাজিরা এড়িয়েছেন।
এরপরই সংবিধানের ১৭৪ ও ৫০ নম্বর ধারাকে হাতিয়ার করে কেজরির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে ইডি। মানি লন্ডারিং-সহ কয়েকটি বিষয়ে তদন্ত প্রক্রিয়ায় অসহযোগিতার অভিযোগই আনা হয়েছে কেজরির বিরুদ্ধে। জানা গিয়েছে, ৭ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হবে আদালতে।
কেজরি ইতিমধ্যেই অভিযোগ করেছেন, তদন্তের নামে ডেকে পাঠানো তাঁকে গ্রেফতার করারই অবৈধ প্রয়াস। গত নভেম্বরের ২, ডিসেম্বরের ২১, জানুয়ারির ৩ ও ১৮ এবং চলতি মাসের ২ তারিখ কেজরিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হলেও তিনি হাজিরা দেননি।
ইডি সূত্রে জানা গিয়েছে, দিল্লি সরকারের ২০২১-২২ অর্থবর্ষের আবগারী নীতির জন্য অবৈধভাবে অনেক মদ ব্যবসায়ীকে লাইসেন্স দেওয়া হয়েছে। ঘুষের বিনিময়ে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। সরকারের এই নীতি বাতিল ঘোষণা করে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর সিবিআইকে তদন্তভার দেওয়ার সুপারিশ করেছিলেন। এরপর প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টে মামলা দায়ের করে ইডি।












Click it and Unblock the Notifications