CM Summoned By ED: ইডির তলব মুখ্যমন্ত্রীকে! ইন্ডিয়া জোটের বৈঠকের আগে কেন ডাকল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?
CM Summoned By ED: মুখ্যমন্ত্রীকে ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জমি কেলেঙ্কারির অভিযোগে আর্থিক গরমিলের বিষয়টি তদন্তে উঠে আসায় গত ১৪ অগাস্ট ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে তলব করেছিল ইডি।
সেদিন হাজিরা এড়িয়ে সময় চেয়েছিলেন হেমন্ত। যদিও ২৪ অগাস্ট ফের তলব করা হয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে। চলতি মাসেই মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠকের আগে এই তলব ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

জমি কেলেঙ্কারিতে মানি লন্ডারিংয়ের মতো গুরুতর অভিযোগ রয়েছে। তারই তদন্তে হেমন্ত সোরেনকে ডেকে পাঠিয়েছে ইডি। ১৪ অগাস্ট হাজিরার সমন পেয়েও স্বাধীনতা দিবসের কর্মসূচিতে ব্যস্ত থাকার কারণ দেখিয়েছিলেন হেমন্ত। ইডিকে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশও করেছিলেন সোরেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ৭৭তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনের আগের দিন তাঁকে তলবের পিছনে যে রাজনৈতিক অভিসন্ধিই কাজ করেছে, সেটা বুঝিয়ে দিয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে যে রাজনৈতিক প্রভুরা নিয়ন্ত্রণ করছেন, সে কথা উল্লেখ করে সোরেন নাম না করে নিশানা করেছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহদেরই।
স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি এক সপ্তাহ আগেই শুরু হয়ে যায়। ১৪ অগাস্ট বেশ কিছু বৈঠক পূর্বনির্ধারিত থাকে। এই আবহে তলব যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার এবং তার মুখ্যমন্ত্রীকে আঘাত করার উদ্দেশ্য নিয়েই, সেই বার্তা স্পষ্ট করে দেন হেমন্ত সোরেন। কেন্দ্রের শাসক দলের বিরোধিতার কারণেই তাঁকে বারবার এজেন্সি দিয়ে হেনস্থার অভিযোগও উঠেছে।

হেমন্ত সোরেনের দাবি, ২০২০ সালে লোকপালের নির্দেশে শিবু সোরেনের বিরুদ্ধে তদন্তের প্রেক্ষিতে সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তির তালিকা তিনি সিবিআইকে দিয়েছেন। ইডিকে সেখান থেকে তথ্য সংগ্রহের অনুরোধও করেছিলেন হেমন্ত। কিন্তু তাতে কাজ হলো না। সম্প্রতি রাঁচির ইডি অফিসে সস্ত্রীক হেমন্ত সোরেনকে ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অবৈধ খনি বিষয়ক মামলায়।
জমি কেলেঙ্কারিতে এক আইএএস অফিসার-সহ ১৩ জনকে গ্রেফতার করেছে ইডি। সোরেনের বিধায়ক প্রতিনিধি পঙ্কজ মিশ্রর বাড়িতে তল্লাশি চালিয়ে ইডি একটি চেকবুক পায়, যা মুখ্যমন্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করানো। তার ফলেই হেমন্ত সোরেনকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। মিশ্রকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। নথি বিকৃতি করে সেনাবাহিনীকে লিজ দেওয়া জমিও হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
ভয় পেয়ে চাপ তৈরি করে ইন্ডিয়া জোটে কেন্দ্রের শাসক দল ভাঙন ধরাতে চাইছে বলে সরব রাজনৈতিক মহল। সোরেন কী পদক্ষেপ করেন, হাজিরা এড়িয়ে আইনগত পদক্ষেপ করবেন কিনা, তা নিয়ে চলছে চর্চা।












Click it and Unblock the Notifications