মমতার নিশানায় জ্ঞানেশ, নির্বাচন কমিশনে মুখ্যমন্ত্রীর মেজাজ হারানোরও পাল্টা অভিযোগ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল দিল্লিতে নির্বাচন কমিশনের (EC) দফতরে প্রধান নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করল। নিয়ে যাওয়া হয়েছিল, এসআইআরের কারণে মৃতদের পরিবারের সদস্যদের।
তবে নির্বাচন কমিশনের সূত্র মারফত জানা যাচ্ছে, CEC জানান, ভোটার তালিকা সংশোধনের (SIR) প্রক্রিয়ায় আইনের শাসন বজায় থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

ইসিআই সূত্র আরও জানায়, CEC-র নম্র মনোভাব সত্ত্বেও তৃণমূল নেত্রী "মিথ্যা অভিযোগ উত্থাপন করেন, খারাপ ব্যবহার করেন, টেবিলে সজোরে আঘাত করে কক্ষ ত্যাগ করেন।" সূত্র অভিযোগ করেছে, তৃণমূল নেতারা প্রকাশ্যে নির্বাচন কমিশন ও CEC-এর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহার করছেন ও নির্বাচনী কর্মকর্তাদের হুমকি দিচ্ছেন। ভোটার তালিকা সংশোধনে (SIR) নিযুক্ত কর্মকর্তাদের উপর চাপ বা হস্তক্ষেপ কাম্য নয়। বুথ লেভেল অফিসারদের (BLOs) প্রাপ্য ১৮,০০০ টাকার মধ্যে মাত্র ৭,০০০ টাকা দেওয়া হয়েছে, বাকিটা দ্রুত দিতে বলা হয়েছে।
ইসিআই সূত্র উল্লেখ করেছে, ERO ও AERO পদে নিযুক্ত কর্মকর্তারা SDM/তহসিলদার স্তরের নন। কমিশন ২০ জানুয়ারির মধ্যে রিটার্নিং অফিসার (SM/SDO/Revenue Divisional Officer) নিয়োগের প্রস্তাব চেয়েছিল, বর্তমানে মাত্র ৬৭টি বিধানসভা কেন্দ্রে SDM পদমর্যাদার RO রয়েছেন।
এ ছাড়াও, ইসিআই সূত্র অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকার আলোচনা ছাড়াই তিনজন ভোটার তালিকা পর্যবেক্ষককে বদলি করেছে। ২৭ জানুয়ারিতে বদলি বাতিলের অনুরোধ করা হলেও কোনও পদক্ষেপ দেখা যায়নি। রাজ্য সরকার চার কর্মকর্তা (দুটি ERO, দুটি AERO) ও একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেনি, যারা দায়িত্বে অবহেলা এবং অননুমোদিত ব্যক্তির সঙ্গে লগইন শংসাপত্র শেয়ার করে ডেটা সুরক্ষা নীতি লঙ্ঘন করেছেন।
নির্বাচন কমিশনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জ্ঞানেশ কুমারকে নিশানা করেন। তিনি বলেন, "আমি খুবই দুঃখিত। আমি দিল্লিতে দীর্ঘদিন ধরে রাজনীতি করছি। ৪ বার মন্ত্রী এবং ৭ বার সাংসদ ছিলাম। এমন অহংকারী ও মিথ্যাবাদী নির্বাচন কমিশনার কক্ষনও দেখিনি।"
মুখ্যমন্ত্রী আরও যোগ করেন, "আমি তাঁকে বলেছি যে আমি আপনার চেয়ারকে সম্মান করি, কারণ কোনও চেয়ার কারও জন্য স্থায়ী নয়। একদিন আপনিও চলে যাবেন... কেন বাংলাকে টার্গেট করা হচ্ছে? নির্বাচন গণতন্ত্রের উৎসব, কিন্তু আপনারা ৫৮ লক্ষ মানুষের নাম মুছে দিয়েছেন এবং তাদের নিজেদের রক্ষা করার সুযোগ দেননি।"












Click it and Unblock the Notifications