'সাইকেল' তুমি কার? সপার প্রতীক নিয়ে আজ সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন!
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আর বেশিদিন বাকী নেই। তাই সপার প্রতীক কার কাছে থাকবে তা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন কমিশনকে।
লখনৌ, ১৩ জানুয়ারি : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আর বেশিদিন বাকী নেই। দিনক্ষণও ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। এই অবস্থায় সমাজবাদী পার্টির প্রতীক নিয়ে পিতা-পুত্রের মধ্যে দ্বন্দ্ব এখনও কাটেনি। দুজনেই দলের প্রতীক নিজের কাছে চেয়ে আবেদন করেছেন। আর তাই দলের প্রতীক কার কাছে থাকবে তা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন কমিশনকে।[অখিলেশের নতুন দলের নাম হতে চলেছে 'অখিল ভারত সমাজবাদী পার্টি'?]
সপার প্রতীক সাইকেল চিহ্নের উপরে অধিকার ফলিয়েছেন মুলায়ম ও অখিলেশ দুজনেই। দলের প্রতিষ্ঠাতা হিসাবে মুলায়ম যেমন দলের চিহ্ন নিজের কাছে রাখার কথা বলেছেন, তেমনই দলের তরফে মুখ্যমন্ত্রী পদে বসা অখিলেশ সংখ্যাগরিষ্ঠ নেতা, বিধায়ক, সাংসদদের সই করা পত্র নির্বাচন কমিশনের কাছে জমা দিয়ে দলের প্রতীক তাঁর কাছে রাখার আবেদন জানিয়েছেন।

এই অবস্থায় মুলায়ম সিং, তাঁর ভাই শিবলাল যাদব, দলের সাংসদ অমর সিংরা দিল্লিতে গিয়ে পরিস্থিতি পর্যালোচনায় ব্যস্ত হয়েছেন। এদিকে লখনৌয়ে বসে পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি কর্মীদের সঙ্গে আলোচনায় ব্যস্ত অখিলেশ যাদবও।
কমিশন সূত্রে খবর, নির্বাচন যেহেতু শিয়রে উপস্থিত তাই অতি দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আর তাই যদি কোনওভাবে এত তাড়াতাড়ি সিদ্ধান্তে উপনীত না হওয়া যায় তাহলে সপার নির্বাচনী প্রতীক সাইকেল চিহ্ন-কে আপাতত বাজেয়াপ্ত করতে পারে কমিশন। সেরকম হলে মুলায়ম-অখিলেশ কেউই দলের প্রতীক সঙ্গে রাখতে পারবেন না।
এর আগে লখনৌয়ে দলের কনভেনশন ডেকে মুলায়মকে সরিয়ে অখিলেশকে সপার প্রধান করা হয়। এদিকে মুলায়মও সাংবাদিক ডেকে জানিয়ে দেন অখিলেশ ঘনিষ্ঠ রামগোপাল যাদবের কনভেনশন ডাকার কোনও এক্রিয়ার নেই। দলের প্রধান এখনও তিনিই, এবং অখিলেশ দলের হয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রিত্ব করছেন।












Click it and Unblock the Notifications