ভোটে কালো টাকা সরবরাহ বন্ধে কেন্দ্রকে এই নিয়ম সুপারিশ নির্বাচন কমিশনের
ভোটে কালো টাকা বন্ধ করতে নির্বাচন কমিশন এক অনবদ্য উপায় সুপারিশ করল কেন্দ্রের কাছে। বলা হয়েছে, রাজনৈতিক দলগুলি কোনওভাবেই যাতে ২ হাজার টাকার বেশি একজনের কাছ থেকে চাঁদা নিতে না পারে সেবিষয়ে আইন করা হোক।
নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর : ভারতের ছোট বড় প্রায় সমস্ত নির্বাচনেই কালো টাকা ব্যবহার করা হয়। এমনটা অস্বীকারের কোনও জায়গা নেই। সব দলই নির্বাচনের কাজের জন্য কমবেশি কালো টাকার জোগানের উপরে নির্ভর করে।
এই অবস্থা বন্ধ করতে ভারতের নির্বাচন কমিশন এক অনবদ্য উপায় সুপারিশ করল কেন্দ্রের কাছে। বলা হয়েছে, রাজনৈতিক দলগুলি কোনওভাবেই যাতে ২ হাজার টাকার বেশি একজনের কাছ থেকে চাঁদা নিতে না পারে সেবিষয়ে আইন করে ব্যবস্থা নিক সরকার।

১৯৫১ সালের আইন অনুযায়ী রাজনৈতিক দলগুলিতে চাঁদা দেওয়ার নিয়মের কোনও কড়াকড়ি নেই। তবে ২০ হাজারের বেশি চাঁদা দিলে কিছুটা সতর্কভাবে হিসাব রাখার কথা। তবে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে দেশের কোনও দলই সেসব মানে না। তা নিয়ে এতদিন কোনও হইচইও হতো না।
তবে নির্বাচন কমিশন যে নিয়মের সুপারিশ করেছে তা আইন বদলে নির্বাচনী সংস্কারের লক্ষ্যে দৃঢ় পদক্ষেপ হতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ নিয়ম কার্যকর হলে কোনও দলই ২ হাজার বা তার বেশি অর্থ চাঁদা হিসাবে নিতে পারবে না।
প্রসঙ্গত শনিবার কেন্দ্র জানায়, ৫০০ ও ১০০০ টাকার যে নোট ৮ নভেম্বর বাতিলের ঘোষণা করা হয়েছে, তা রাজনৈতিক দলগুলি আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে পারবে। তার জন্য কোনও কর দিতে হবে না। এই ঘোষণা নিয়ে সারা দেশে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। কেন আমজনতাকে বাদ দিয়ে রাজনৈতিক দলগুলিকে বাড়তি সুবিধা দেওয়া হবে, তা নিয়ে প্রশ্ন ওঠে।
কমিশন সুপারিশে জানিয়েছে, এই নিয়ম সেই দলগুলির ক্ষেত্রেই প্রযোজ্য হবে যারা লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে ও আসন পাবে।












Click it and Unblock the Notifications