Electoral Bonds: নির্বাচনী বন্ড নিয়ে আরও নথি প্রকাশ নির্বাচন কমিশনের, কী রয়েছে এতে?
Electoral Bonds: নির্বাচনী বন্ড সংক্রান্ত নথি সুপ্রিম কোর্টের নির্দেশে আগেই ওয়েবসাইটে আপলোড করেছিল জাতীয় নির্বাচন কমিশন। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার জমা দেওয়া তথ্যের নিরিখে।
এতে জানা গিয়েছিল কারা ইলেক্টরাল বন্ড কিনেছে, কোন রাজনৈতিক দলগুলি লাভবান হয়েছে। যদিও তাতেও গোটা চিত্র সুষ্পষ্টভাবে প্রকাশিত হয়নি বলে মনে করেছিল আদালত। আজ আরও কিছু নথি প্রকাশ নির্বাচন কমিশনের।

গত সপ্তাহে নির্বাচন কমিশন যে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করেছিল তা ২০১৯ সালের ১২ এপ্রিল থেকে ছিল বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশন আজ নতুন নথি জনসমক্ষে এনে জানিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের তরফে পাওয়া নির্বাচনী বন্ড সংক্রান্ত নথি সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে জমা দেওয়া হয়েছিল।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি বিভাগ থেকে সেই নথিগুলি আসার পর তা ওয়েবসাইটে তুলে দেওয়া হয়েছে। নতুন যে নথি প্রকাশ করা হয়েছে তাতে রয়েছে কোন দিনে বন্ডগুলি ইস্যু করা হয়েছিল, তহবিলে কবে জমা পড়েছে, কতগুলি বন্ড ইস্যু করা হয়েছে, এসবিআইয়ের কতগুলি শাখা থেকে তা ইস্যু করা হয়েছে, এই সংক্রান্ত তথ্য।
যদিও বন্ডের ইউনিক নম্বর সংক্রান্ত নথি এদিন ওয়েবসাইটের মাধ্যমে জনসমক্ষে আনা হয়নি। ইতিমধ্যেই জানা গিয়েছে, কোন কোন রাজনৈতিক দল কত পরিমাণ অর্থ ইলেক্টরাল বন্ডের মাধ্যমে পেয়েছে। কারা সেগুলি কিনেছে সেই সংক্রান্ত নথিও সামনে এসেছে।
কিন্তু কোন সংস্থার ইলেক্টরাল বন্ড কোন রাজনৈতিক দলের কাছে গিয়েছে সেই সংক্রান্ত তথ্য এখনও জনসমক্ষে আসেনি। যদিও শীর্ষ আদালত বন্ডের নথি প্রকাশের নির্দেশ দেওয়ার পর এই বিষয়টিতেও আলোকপাত করেছিল। মুখবন্ধ খামে জমা দেওয়া নথির ফিজিক্যাল কপির সঙ্গে একটি পেন ড্রাইভে ডিজিটাইজড তথ্যও পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে। ডিজিটাইজড নথিই আজ আপলোড করা হয়েছে কমিশনের ওয়েবসাইটে।












Click it and Unblock the Notifications