দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে এবিভিপির জয়জয়কার, শ্রদ্ধা নিবেদন বিবেকানন্দর মূর্তিতে
দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (DUSU) নির্বাচনে আরএসএস-এর সহযোগী অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) তিনটি আসনে জয়লাভ করল। এর প্রেক্ষিতে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা অভিনন্দন জানিয়েছেন।
একইসঙ্গে তিনি তাঁদের বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বদ্ধতা পূরণের আহ্বানও জানান। এক অনুষ্ঠানে যোগ দিয়ে রেখা গুপ্তা বলেন, "DUSU নির্বাচনে ABVP-র দুর্দান্ত জয়ে সকল তরুণ সহযোদ্ধাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই জয় শুধু একটি সংগঠনের নয়, এটি প্রতিটি যুবকের জয় যাঁরা দেশপ্রেম, শৃঙ্খলা, সেবা এবং সংগ্রামকে জীবনের চালিকাশক্তি বলে মনে করেন।"

ছাত্র রাজনীতিতে নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "আমি গর্বিত যে আমিও দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি হিসেবে এই মূল্যবোধগুলো ধারণ করে জীবনযাপন করেছি এবং শিখেছি। এই ফলাফল প্রমাণ করে যে দিল্লির তরুণরা জ্ঞান, বিনয় এবং ঐক্যের পথে দৃঢ়ভাবে অবিচল, যে পথ এবিভিপি বহু দশক আগে প্রতিষ্ঠা করেছিল।"
এই গুরুত্বপূর্ণ নির্বাচনে এবিভিপি প্রার্থীরা সভাপতি-সহ মোট তিনটি পদে জয়ী হয়েছেন। অন্যদিকে, কংগ্রেস-সমর্থিত এনএসইউআই (NSUI) একটি পদ নিশ্চিত করতে সক্ষম হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী আরও জানান, "দিল্লি সরকার অনেক উদ্যোগ দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নতুন টিমের সঙ্গে মিলে বাস্তবায়িত করবে।"
সভাপতি পদে জসলিন নন্দিতা চৌধুরীকে ১৬,১৯৬ ভোটে হারিয়ে দিয়েছেন এবিভিপির আরিয়ান মান। সহ সভাপতি পদে এনএসইউআইয়ের রাহুল ঝান্সলা হারিয়েছেন এবিভিপির গোবিন্দ তানওয়ারকে। সম্পাদক পদে জয়লাভ করেছেন এবিভিপির কুণাল চৌধুরী। যুগ্ম সম্পাদক পদে জিতেছেন দীপিকা ঝা। এসএফআই ও এআইএসএ ফিরেছে খালি হাতে। ABVP-র চার প্রার্থী—তিনজন বিজয়ী এবং একজন পরাজিত—আর্টস ফ্যাকাল্টি ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন।












Click it and Unblock the Notifications