হরিয়ানায় জোট নিয়ে সিদ্ধান্ত নিতে আজ বিধায়কদের সঙ্গে বসবেন দুষ্মন্ত, দেখা করতে পারেন অমিত শাহের সঙ্গে
হরিয়ানায় নবাগত থেকে কিংমেকার হয়ে ওঠা জননায়ক জনতা পার্টির নেতা আজ দলের ১০ জন বিধায়কের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। জানা গেছে দিল্লিতে হতে চলেছে সেই বৈঠক।
হরিয়ানায় নবাগত থেকে কিংমেকার হয়ে ওঠা জননায়ক জনতা পার্টির নেতা আজ দলের ১০ জন বিধায়কের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। জানা গেছে দিল্লিতে হতে চলেছে সেই বৈঠক। গতকাল ঘোষণা করা হয় হরিয়ায়ানা বিধানসভা নির্বাচনের ফল। তাতে দেখা যায় মূলত বিজেপি-কংগ্রেসের লড়াই হওয়ার কথা থাকলেও ভালো ফল করে দুই দলের সমীকরণ বদলে দিয়েছে দুষ্মনত চৌতালার দল।

সরকার গঠন করতে দুষ্মন্তের সাহায্য দরকার দুই দলেরই
হরিয়ানায় ৪০টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসাবে বিজেপি উঠে এলেও ম্যাজিক নম্বর থেকে অনেকটাই দূরে তারা। আগের নির্বাচনের তুলনায় দুই গুণ আসন পেলেও একই অবস্থা কংগ্রেসের। এই ক্ষেত্রে সরকার গঠন করতে দুই পক্ষেরই প্রয়োজন হবে দুষ্মন্তের সাহায্যের।

ফল স্পষ্ট হতেই মুখ্যমন্ত্রিত্ব দাবি দুষ্মন্তের
গতকাল ফল স্পষ্ট হতেই প্রশ্ন ওঠে যে কোন দলকে সমর্থন করতে চলেছে জেজেপি? তবে এখনও পর্যন্ত কোনও দলের সঙ্গে যাওয়ার বিষয়েই মুখ খোলেননি দুষ্মন্ত। তবে নিজের দর বাড়াতে তৎপর হয়েছেন শুরু থেকেই। কর্নাটকে কুমারস্বামীর মতো তাঁর ভাগ্য খুলে যেতে পারে বুঝতে পেরে মুখ্যমন্ত্রীত্বের দাবি করেন তিনি। গতকাল এই প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের দলের ন্যাশনাল এক্সিকিউটিভ বৈঠক বসবে। সেখানেই কোন দলের সঙ্গে জোট হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও পর্যন্ত আমি এটা নিয়ে কারুর সঙ্গে কথা বলিনি।"

অমিত শাহের সঙ্গে দেখা করতে পারেন দুষ্মন্ত
দুষ্মন্তকে নিজেদের দিকে টেনে সরকার গঠনের পথ মসৃণ করতে লেগে পড়েছে বিজেপিও। সূত্রের খবর এনডিএ সরিক শিরোমণি অকালি দলের নেতা প্রকাশ সিং বাদল ও সুখবির সিং বাদলকে ইতিমধ্যেই দুষ্মন্তের সঙ্গে মধ্যস্থতা করতে বলেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। যদিও মুখ্যমন্ত্রী পদ অন্য কোনও দলকে দেবে না বলেও জানিয়ে দিয়েছে তারা। এদিকে জানা যাচ্ছে আজকে বিধায়কদের সঙ্গে বৈঠকের পর বিজেপির সর্বভারতীয় প্রেসিডেন্ট অমিত শাহের সঙ্গে দেখা করতে পারেন দুষ্মন্ত।

সরকার গঠন করতে ইতিমধ্যেই ময়দানে বিজেপি
৪০ আসন পাওয়া বিজেপি ম্যাজিক ফিগার থেকে ৬টি আসন দূরে। সরকার গঠন করতে ইতিমধ্যেই ময়দানে নেমেছে দল। জানা গেছে ফল প্রকাশ হতেই নির্দল হিসাবে জয়ী দুই বিধায়ক, গোপাল কান্দা ও রণজিৎ সিংকে চার্টার্ড প্লেনে করে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। অপর দিকে সোমবীর সিং নামে এক নির্দল বিধায়ক ইতিমধ্যেই বিজেপিকে সমর্থনের কথা জানিয়েছে। এই ক্ষেত্রে সরকার গড়তে বিজেপির দরকার আর মাত্র তিনজন বিধায়ক। এই পরিস্থিতে জেজেপি কোন দিকে ঝুঁকবে, সেই দিকে নজর রাজনৈতিক মহলের।












Click it and Unblock the Notifications