Durga Puja 2023: শতাব্দী প্রাচীন পারিবারিক পুজো! বেঙ্গালুরুতে ধরে রেখেছে লাহিড়ী-মজুমদার পরিবার
Durga Puja 2023: শুরু কলকাতা কিংবা বাংলার বিভিন্ন অংশেই নয়, পারিবারিক দুর্গা পুজো এখন বিভিন্ন রাজ্যে। বছরের পর বছর ধরে চলে আসা রীতি বজায় রেখেছেন অনেকেই। যেমনটি বেঙ্গালুরু লাহিড়ী মজুমদার পরিবার। গত বেশ কয়েক বছর ধরে এই পুজো ধুমধামের সঙ্গে চলে আসছে বেঙ্গালুরুতে।
পুজোর শুরুটা অবশ্য হয়েছিল বর্তমান বাংলাদেশের ময়মনসিংহের লাউটিয়ায়, প্রায় ২০০ বছর আগে। দেশভাগের পর তা হল বেহালার পর্ণশ্রীতে। তারপর পেশাগত কারণে পরিবারের সদস্যরা চলে যান বেঙ্গালুরুতে। সেখানে রথীন মজুমদারের বাড়িতে এখন দুর্গা পুজো হচ্ছে। বেঙ্গালুরুর দেদাকামানাহাল্লির আনন্দ বাল্মিক ফ্ল্যাটে হয় এই পুজোর আয়োজন।

ময়মনসিংহের লাউটিয়ায় গ্রামের বাড়িতে দুর্গা পুজো শুরু করেছিলেন ভবানন্দ লাহিড়ী মজুমদার। এই পরিবারের পুজো বৈশিষ্ট্য হল শক্তির আরাধনা করা হয়। সেখানে লক্ষ্মী-গণেশ-সরস্বতী-কার্তিক নেই। পুজোর আয়োজন কেবল নবমীতেই হয়ে থাকে। ওইদিনই ষষ্ঠী-সপ্তমী ও অষ্টমীর পুজো একসঙ্গে করা হয়। আর দশমীতে হয় দশমীর পুজো। বলি প্রথা চালু রাখতে তাঁরা এখন চালকুমড়ো বলি দেন।
প্রথা মেনে কুমারী পুজোও করা হয়। পুজোর দুদিনে বিভিন্ন রকমের ভোগের আয়োজন করা হয়। নবমীর দিন মায়ের ভোগে আমিষ হিসেবে মাছ রাখা হয় বলে জানিয়েছেন রথীন মজুমদারের স্ত্রী ক্যামেলিয়া।

লাহিড়ী-মজুমদার পদবির ইতিহাসের কথা বলতে গিয়ে রথীন মজুমদার জানিয়েছেন, মোঘাল আমলে জমিদারদের মজুমদার উপাধি দেওয়ার চল ছিল। সেই সময়ে এই পরিবারও সেই উপাধি পেয়েছে। তাঁদের পদবি লাহিড়ীই। যে কারণে পূর্ববঙ্গে পুজো লাহিড়ী-মজুমদার বাড়ির পুজো হিসেবে পরিচিত ছিল।












Click it and Unblock the Notifications