বিপাকে পড়েছেন, তাই বন্ধুর খোঁজে বেরিয়েছেন মমতা, তীব্র কটাক্ষ দিলীপের
বাংলার মুখ্যমন্ত্রী মমতাকে নিশানা করে নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘বিপাকে পড়েছেন, তাই বন্ধুর খোঁজে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী।’
কলকাতা, ২১ এপ্রিল : মমতা বন্দ্যোপাধ্যায় ও নবীন পট্টনায়কের বৈঠক নিয়ে তীব্র কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বাংলার মুখ্যমন্ত্রী মমতাকে নিশানা করে এই বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, 'বিপাকে পড়েছেন, তাই বন্ধুর খোঁজে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী।' বলছেন, আঞ্চলিক দলগুলো এক জোট হলেই বিজেপিকে হারানো সম্ভব। কিন্তু মোদীর বিরুদ্ধে নেতা কে? প্রশ্ন তুলে দিলেন দিলীপবাবু।
উল্লেখ্য, বৃহস্পতিবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠকের পর দ্ব্যর্থহীন ভাষায় মমতা বলেন, আঞ্চলিক দলগুলো এক জোট হলেই হারানো সম্ভব বিজেপিকে। তিনি আরও বলেন, বিজেপি-কে নিয়ে আশঙ্কা করার কিছু নেই। এক জোট হতে পারলেই বিজেপি-র অপশাসন থেকে দেশকে রক্ষা করা সম্ভব।

এই প্রসঙ্গেই দিলীপবাবুর কটাক্ষ। তিনি বলেন, বর্তমানে চিটফান্ড দুর্নীতি থেকে নারদ কেলেঙ্কারিতে ঘোর বিপাকে পড়েছেন তৃণমূল সুপ্রিমো। একের পর এক নেতা জেলে ঢুকেছেন। আরও ঢুকবেন। ইতিমধ্যেই ১২ জন নেতার বিরুদ্ধে এফআইআর হয়েছে। তাই জগন্নাথদেবের শরণ নিয়েছেন তিনি। সেইসঙ্গে বিপাকে পড়ে বন্ধুদের খোঁজ করতে বেরিয়ে পড়েছেন তিনি।
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ নিয়েও কটাক্ষ করেছিলেন তিনি। বলেছিলেন, পুরীর জগন্নাথ মন্দিরে যেতে গেলে আগে হিন্দু বলে নিজেকে প্রমাণ করতে হয়। ইন্দিরা গান্ধীকেও ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। এবার মমতাকেও সাচ্চা হিন্দু বলে দাবি করতে হল। জগন্নাথদেবের কৃপায় সুবুদ্ধি হল তাঁর।












Click it and Unblock the Notifications