Puri Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরের উপর চক্কর রহস্যময় ড্রোনের, নাশকতার ছক?
Puri Temple: পুরীর মন্দিরের উপর নো ফ্লাইং জোনে (No Flying Zone) উড়ল রহস্যজনক ড্রোন (Mysterious Drone)। রবিবার কাকভোরে প্রায় ৪টে ১০ মিনিট নাগাদ মন্দিরের উপরে ড্রোন উড়তে দেখা যায় বলে সূত্রের খবর।
মন্দিরের নিরাপত্তা লঙ্ঘন করে শ্রীমন্দিরের দোলামণ্ডপের দিক থেকে আচমকাই উড়ে আসে ড্রোনটি। পরে মন্দির চত্বরের উপরে গোল গোল করে চক্কর কাটতে থাকে ড্রোনটি। পরে মন্দিরের সীমানা প্রাচীর বরাবরও উড়তে দেখা যায় ড্রোনটিকে।

রহস্যজনক ড্রোনটির মালিককে চিহ্নিত করতে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নীলচক্রের উপরে বৃত্তাকারে ঘুরতে থাকে ওই ড্রোনটি। ড্রোনটি কে ওড়াচ্ছিল তা খুঁজে বের করার চেষ্টায় রয়েছেন তদন্তকারীরা। যদিও এখনও পর্যন্ত এনিয়ে মন্তব্য করতে চাননি তারা। কীকরে অনুমতি ছাড়া মন্দিরের আকাশ সীমানায় তা প্রবেশ করল, তাও খতিয়ে দেখছে পুলিশ।
পুরীর পুলিশ সুপার জানিয়েছেন, মন্দিরের উপর কে ড্রোন ওড়াল তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুরীর পুলিশ। দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। এই মুহূর্তে পুরীতে পুণ্যার্থী ও পর্যটকদের ব্যাপক ভিড় রয়েছে।
ভূবনেশ্বরে আগামী ৮ থেকে ১০ জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালনের কথা রয়েছে। তার আগে জোরদার করা হয়েছে নিরাপত্তা। আর এমন সময়েই পুরীর মন্দিরের উপর রহস্যময় ড্রোনের চক্কর কাটা উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের।
পুলিশ সূত্রে খবর, ভূবনেশ্বরে ওই অনুষ্ঠান ব্যাহত করার হুমকি দিয়েছে খালিস্তানি জঙ্গি গুরুপতবন্ত সিং পান্নুন। সেই দিকটি মাথায় রেখে রাজ্যজুড়ে ইতিমধ্যেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ভূবনেশ্বর তো বটেই, বাকি সমস্ত গুরুত্বপূর্ণ শহরগুলিতে আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা। প্রস্তুত রাখা হয়েছে বিশেষ বাহিনী। বড় পর্যটন কেন্দ্রগুলির নিরাপত্তার দায়িত্বেও থাকবে এই বিশেষ বাহিনী।
গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন। তিনি বলেন, "মন্দিরের উপর ড্রোন ওড়ানো অবৈধ। বড়সড় নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা এটি। যে বা যারা জড়িত তাদের কড়া শাস্তি হবে। পুরীর পুলিশ সুপার ইতিমধ্যেই বিশেষ টিম গঠন করেছেন ঘটনার তদন্তের জন্য। ড্রোনটি দ্রুত বাজেয়াপ্ত করা হবে।"
মন্দির চত্বরের চার কোণায় চারটি ওয়াচ টাওয়ারে পুলিশ আধিকারিকদের ২৪ ঘণ্টা নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হবে বলেও জানান মন্ত্রী। তবে মন্দিরের উপর ড্রোন ওড়ানো কোনও ভ্লগারের কাজও হয়ে থাকতে পারে বলে জল্পনা উড়িয়ে দিচ্ছেন না তিনি।












Click it and Unblock the Notifications