চিনের আর্টিলারি ধ্বংস হবে নিমেষেই! ভারতীয় সেনার হাতে অত্যাধুনিক রেডার তুলে দেবে ডিআরডিও
সেনাকে আত্মনির্ভর করে তোলার ক্ষেত্রে আরও এক ধাপ। সৌজন্যে ডিআরডিও। মেক ইন ইন্ডিয়া প্রকল্পে বিরাট সাফল্য। কিছুদিনের মধ্যেই ভারতীয় সেনার হাতে আসতে চলেছে বেশ কয়েকটি শক্তিশালী অস্ত্র। পাশাপাশি ভারতীয় সেনা পেতে চলেছে ৬টি স্বাতী ওয়েপন লোকেটিং রেডার সিস্টেম। দেশিয় প্রযুক্তিতে শক্তিশালী 'ওয়েপন লোকেটিং রেডার' তৈরি করছে ডিআরডিও। যার দ্বারা শত্রুপক্ষের বা জঙ্গিদের অস্ত্র চিহ্নিত করা খুব সহজ হয়ে যাবে।

লাদাখ সীমান্তে ভারতীয় সেনার হাতে স্বাতী
জানা গিয়েছে, ভারতীয় সেনার মাথায় চিনকে হারাতে যেসকল উদ্ভাবনী চিন্তা রয়েছে, তার মধ্যে অন্যতম এই স্বাতী। ভারতের যুদ্ধবিমানের ফ্রিকোয়েন্সি সহ একাধিক গোপন তথ্য ফাঁস করতে লাদাখ সীমান্ত তাক করে দাঁড়িয়ে চিনের একাধিক রেডার। তারই পাল্টা হিসেবে, ভারতের তরফে 'স্বাতী' ব়েডারের নজরদারি চালাবে লাদাখে।

ছ'টি স্বাতী তৈরি করতে খরচ ৪০০ কোটি টাকা
ছ'টি ওয়েপন লোকেটিং রেডার সিস্টেম তৈরিতে খরচ হচ্ছে মোট ৪০০ কোটি টাকা। সীমান্তের কোন অংশে শত্রুপক্ষের আর্টিলারি গান রয়েছে, সেই অবস্থান জানাতে সক্ষম হবে এই রেডার। এমনটাই জানা গিয়েছে সরকারি সূত্রে। এটি লাদাখে খুব প্রয়োজনীয়। কারণ চিন ইতিমধ্যেই সেখানে প্রচুর সংখ্যক ট্যাঙ্ক ও কামান মোতায়েন করেছে।

চিনের আর্টিলারির ঘোঁজ মিলবে অনায়াসে
স্বাতীকে ব্যবহার করে, শত্রু পক্ষের মর্টার, শেল রকেট খুঁজে বের করতে পারবে ভারতীয় সেনা। ৫০ কিলোমিটার এলাকার মধ্যে কোথায় কোন অস্ত্র লুকানো রয়েছে, তা খুঁজে বের করতে সক্ষম হবে এই ভারতীয় প্রযুক্তিতে তৈরি রেডার সিস্টেম। প্রতিরক্ষাক্ষেত্রে ভারতকে আরও আত্মনির্ভর করে তোলার ক্ষেত্রে এই রেডার সিস্টেম এক বড় ধাপ।

ভারতীয় সেনার হাতে রয়েছে এক অত্যাধুনিক ড্রোন
এর কয়েকদিন আগেই ডিআরডিও ভারতীয় সেনার হাতে তুলে দিয়েছিল এক অত্যাধুনিক ড্রোন। সেই ড্রোন রেডারের আওতার বাইরে শূন্য থেকে নজর রাখতে সক্ষম। প্রয়োজনে দল বেঁধে পাইলট ছাড়াই করতে পারবে বালাকোটের মতো এয়ারস্ট্রাইক। ডিআরডিওর এই অত্যাধুনিক ড্রোনের নাম দেওয়া হয় ভারত ড্রোন।

ভারত ড্রোনে আছে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স
এই ড্রোনে আছে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স। বিশ্বের সবচেয়ে হালকা এই ড্রোন ওড়ে দ্রুতবেগে। এই ড্রোনে আছে অত্যাধুনিক নাইটভিশন ক্যামেরা। রাতের অন্ধকারে লুকিয়ে থাকা শত্রুর প্রতিটা পদক্ষেপ মাপতে পারে ভারত ড্রোন। বলাই বাহুল্য লাদাখে ভারত-চিন সীমান্তের ১৫৯৭ কিলোমিটার এলাকা জুড়ে এই ভারত ড্রোন ব্যবহার করে চিনের গতিবিধিকে নজরে রাখবে সেনা।












Click it and Unblock the Notifications