ডাবল ভ্যাকসিন থাকলেও মিলছে না স্বস্তি, সুরক্ষা ভেঙে সংক্রমণ ছড়াচ্ছে ওমিক্রন
ডাবল ভ্যাকসিন থাকলেও মিলছে না স্বস্তি, সুরক্ষা ভেঙে সংক্রমণ ছড়াচ্ছে ওমিক্রন
টিকা নিলেও রেহাই নেই ওমিক্রনে। দেখা যাচ্ছে, সম্পূর্ণ টিকাকরণ হয়েছে এমন ব্যক্তিরাও আক্রান্ত হচ্ছেন কোভিডের এই নয়া স্ট্রেনে। শুক্রবার এমন তথ্যই তুলে ধরল দেশের স্বাস্থ্যমন্ত্রক। সাংবাদিক সম্মেলনে স্পষ্ট জানানো হল, মোট কেসের ৯১ শতাংশ সম্পূর্ণ টিকাকরণের আওতায় ছিলেন। এর মধ্যে তিন জনের আবার বুস্টার ডোজও নেওয়া ছিল। ভয়ের বিষয়, এই আক্রান্তদের ৭০ শতাংশই উপসর্গহীন।

স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গোটাবিশ্ব এই মুহূর্তে কোভিডের চতুর্থ ঢেউয়ের সম্মুখীন। সব মিলিয়ে এর পজেটিভিটি রেট ৬.১ শতাংশ। তাই এখন সচেতন থাকা অত্যন্ত জরুরি। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ বলেন, যেখানে ইউরোপ, উত্তর আমেরকা এবং আফ্রিকায় কেসের সংখ্যা বাড়ছে, এশিয়ায় তা কমছে।' এই মুহূর্তে দেশে সবচেয়ে বেশি সক্রিয় কেস রয়েছে কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কর্নাটক। সবমিলিয়ে ৩৫৮ জন ওমিক্রন আক্রান্ত হয়েছেন দেশের ১৭টি প্রদেশে৷ যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১১৪ জন।
রাজেশ ভূষন আরও বলেন, 'স্বাস্থ্য এবং পরিবার কল্যান মন্ত্রক গত ২১ ডিসেম্বর তারিখে সমস্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছিল যথাযথ ব্যবস্থা নেওয়ার। ওমিক্রন রুখতে দরকারে কার্ফু জারি করা থেকে শুরু করে বড় সমাবেশ না হতে দেওয়া, হাসপাতালে শয্যার সংখ্যা বাড়ানো, একাধিক নির্দেশ দেওয়া হয়েছে।' টিকাকরণ নিয়েও সাম্প্রতিকতম তথ্য তুলে ধরেন রাজেশ। বলেন, ভারতের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার মোট ৮৯ শতাংশ প্রথম ডোজ পেয়েছেন৷ এর মধ্যে ৬১ শতাংশ জনগণ দ্বিতীয় ডোজ পেয়েছেন৷ চলতি মাসের সাত তারিখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, ওমিক্রন স্ট্রেনটি ১.৫-৩ দিনে দ্বিগুণ গতিতে ছড়িয়ে পড়ে৷ কাজেই এক্ষেত্রে সচেতনতা ছাড়া ভাইরাসের প্রকোপ এড়ানোর উপায় নেই।'
প্রসঙ্গত ওমিক্রনের হাত থেকে বাঁচতে দেশের বিভিন্ন রাজ্যে নতুন করে আবার নাইট কার্ফু শুরু হচ্ছে৷ গুজরাট ও উত্তরপ্রদেশ রাত্রি ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কার্ফু জারি করেছে৷ একই পথে হাঁটতে চলছে অন্য কয়েকটি রাজ্যও৷ ওমিক্রন সংক্রমনের হাত থেকে বাঁচতে বিশেষজ্ঞদের অনেকে বুস্টার ডোজের কথা বলেছেন৷ বিশেষ করে পঞ্চাশোর্ধ ব্যক্তিদের ক্ষেত্রে বুস্টার ডোজের প্রয়োজনীয়তার কথা নলেছেন অনেকেই৷ কিন্তু আদপে দেখা যাচ্ছে বুস্টার ডোজ নিয়েও ওমিক্রন আক্রান্ত হয়েছেন প্রচুর মানুষ তাই আদপে বুস্টার ডোজ কতটা কার্যকারী তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে৷












Click it and Unblock the Notifications