আহমেদ প্যাটেল ভালো বন্ধু! নরেন্দ্র মোদীর সাক্ষাৎকারে কাঁচি দূরদর্শনের

গত রবিবার দূরদর্শনকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন নরেন্দ্র মোদী। বলেছিলেন, "আমেদাবাদি (আহমেদ প্যাটেল) আমার ভালো দোস্ত। কংগ্রেসে যে ক'জন ভালো বন্ধু আছে, তাদের একজন। যদি এই বন্ধুত্ব থাকত, ভালো লাগত। কিন্তু এখন আমাকে দেখলেই ও দৌড়ে পালায়। আমি ফোন করলেও ফোন ধরে না।" কিন্তু ভোটের সময় এমন কথা সম্প্রচারিত হলে পাছে কংগ্রেস রেগে যায়, পাছে চাকরি নিয়ে টানাটানি পড়ে, তাই ওই অংশটি ছেঁটে দেওয়ার সিদ্ধান্ত নেয় দূরদর্শন। প্রসঙ্গত, আহমেদ প্যাটেল সোনিয়া গান্ধীর রাজনীতিক সচিবও বটে।
এ ছাড়া ইন্টারভিউতে প্রিয়াঙ্কা গান্ধীর প্রশংসা করেছিলেন নরেন্দ্র মোদী। বলেছিলেন, "ও আমার মেয়ের মতো। আমার বিরুদ্ধে যাই বলুক, আমি কিছু মনে করব না।" এই অংশটিও পরে ছেঁটে দেয় দূরদর্শন।
সমালোচনার মুখে পড়ে দূরদর্শনের মহানির্দেশক (বার্তা) এস এম খান বলেন, "ইচ্ছাকৃতভাবে আমরা কিছু করিনি। প্রযুক্তিগত কারণে ওই অংশগুলো বাদ দিতে হয়েছে।" কিন্তু নরেন্দ্র মোদী যে যে জায়গায় আহমেদ প্যাটেল বা প্রিয়াঙ্কা গান্ধীর প্রশংসা করেছেন, সেই জায়গাগুলি নিয়ে কেন প্রযুক্তিগত সমস্যা হল, কী ধরনের সমস্যা হল, তার ব্যাখ্যা দেননি তিনি।
এর জেরে টুইটার, ফেসবুকে মানুষ তুলোধোনা করছে দূরদর্শনকে। স্বচ্ছতার স্বার্থে দূরদর্শন গোটা ইন্টারভিউটা অবিকৃত অবস্থায় দেখাক, এই দাবি জানানো হয়েছে। নরেন্দ্র মোদী ৫৬ মিনিটের সাক্ষাৎকার দিয়েছিলেন দূরদর্শনকে। কিন্তু তা কেটেছেঁটে ৩৪ মিনিটে নামিয়ে আনা হয়েছে। গোটাটা অবিকৃত অবস্থায় দেখানোর দাবি উঠেছে।












Click it and Unblock the Notifications