সোশ্যাল মিডিয়ায় আলাপ! সেনা পরিচয়ে তরুণী চিকিৎসককে ধর্ষণ, শোরগোল এই রাজ্যে
আবারও ধর্ষণের অভিযোগ উঠলো দিল্লিতে। যখন পুরো দেশ মহারাষ্ট্রের ঘটনা নিয়ে উত্তাল পরিস্থিতিতে আছে ঠিক সেই সময়েই সামনে এসেছে দিল্লির এরকম এক ঘটনা। ২৭ বছর বয়সি তরুণীকে সেনাকর্মী সেজে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ওই তরুণী দিল্লির এক হাসপাতালে কর্মরত চিকিৎসক। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ওই তরুণীর সাথে সোশ্যাল মিডিয়াতেই পরিচয় অভুযুক্তের। একজন সেনাকর্মী হিসেবে নিজেকে পরিচয় দিয়েছিলেন তিনি। তারপর আস্তে আস্তে পরিচয় এবং দুজনের মধ্যে যোগাযোগ। সেই পরিচয়েই ওই তরুণীর বাড়ি গিয়ে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে।

জানা গিয়েছে, অভিযুক্ত অনলাইন কেনাকাটার একটি সংস্থার 'ডেলিভারি এজেন্ট' হিসাবে কাজ করতেন। ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি ইনস্টাগ্রামে ওই তরুণীর সঙ্গে আলাপ করেন এবং তার থেকেই তাদের কথাবার্তা শুরু হয়। সমাজমাধ্যমে কথা বলতে বলতে ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠলে তাঁরা দুজন দুজনের মোবাইল নম্বর দেয়া নেয়া করেন এবং হোয়াটস্অ্যাপে কথা শুরু হয় তাদের। গত পাঁচ মাসে ওই অভিযুক্ত সেনা জওয়ানদের মতো 'উর্দি' পরে ওই মহিলা চিকিৎসকে বিভিন্ন ছবিও পাঠান। অভিযুক্ত নিজেকে একজন লেফটেন্যান্ট হিসেবে নিজেকে পরিচয় দিয়েছিলেন। তিনি বলেছিলেন তিনি জম্মু ও কাশ্মীরে কর্মরত। সূত্র অনুসারে, এমাসের শুরুতে অভিযুক্ত জানান তিনি দিল্লিতে এসেছেন এবং তিনি ওই তরুণীর সঙ্গে দেখা করেন। তারপর তাঁর বাড়িতে যান। সুযোগ পেয়েই চিকিৎসকের খাবারের সঙ্গে মাদক মিশিয়ে সেই খাবার খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠে এসেছে যুবকের বিরুদ্ধে। তরুণীর জ্ঞান ফিরলে তিনি সফদরজং এনক্লেভ থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগ পেয়ে ছতরপুর এলাকায় তল্লাশি চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, পুলিশি জিজ্ঞাসাবাদের জেরে জানা গিয়েছে ওই যুবক লম্বা সময় ধরে পরিকল্পনা করেই এরকম প্রতারণার প্ল্যানিং করেছিলেন। নিজেকে ওই তরুণীর কাছে আরও বিশ্বাসযোগ্য প্রমাণ করার জন্য দিল্লিরই একটি দোকান থেকে সেনাবাহিনীর পোশাক কিনেছিলেন তিনি। এই ঘটনা প্রসঙ্গে পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত আধিকারিক স্তরে কোনও বক্তব্য প্রকাশ্যে আসেনি। তবে, ভুয়ো পরিচয়ে ওই যুবক কখনও আর কারোর সঙ্গে প্রতারণা করেছেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ।












Click it and Unblock the Notifications