বোতলবন্দি পানীয় জল তো পান করছেন, স্বাস্থ্যের কি ক্ষতি হচ্ছে জানেন?
বোতল বা প্যাকেটজাত পানীয় জল বাইরে ঘুরতে যাওয়ার যেন একমাত্র সঙ্গী। আপনি যেখানেই যান না কেন বাইরে থেকে জলের বোতল কেনেননি তেমনটা কিন্তু কারোর সাথে ঘটেনি বললেই চলে। আমাদের দূরে কোথাও সফরের অন্যতম প্রয়োজনীয় সামগ্রীই হল এই জলের বোতল কিংবা জলের পাউচ প্যাক। তবে এবার এই জল নিয়েই ভয়ঙ্কর কথা শোনালো FSSAI।
বোতল বা প্যাকেটজাত পানীয় জল ও মিনারেল ওয়াটারকে এবার 'উচ্চ-ঝুঁকিপূর্ণ খাবার' বা High Risk Food হিসেবে চিহ্নিত করলো ভারতের খাদ্য নিরাপত্তা ও মান নির্ধারণ সংস্থা FSSAI। এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করেছে কেন্দ্রের এই খাদ্য নিরাপত্তা প্রতিষ্ঠান। এর ফলে এই ধরনের পানীয় পণ্যগুলি ওপর কঠোর পরীক্ষা ও নিরীক্ষা চালানো এবার অনিবার্য হয়ে উঠছে।

অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে, বোতল বা প্যাকেটজাত পানীয় জলের ক্ষেত্রে ভারতীয় মান নির্ধারণ ব্যুরো-এর সার্টিফিকেশনের প্রয়োজন নেই। সেই সিদ্ধান্তের পরই এই নতুন নিয়ম চালু হল।
- নতুন নিয়মে কী বলা হয়েছে?
FSSAI-এর নির্দেশ অনুযায়ী, যারা বোতল বা প্যাকেটজাত পানীয় জল ও মিনারেল ওয়াটার তৈরি করে, তাদের প্রতি বছর FSSAI অনুমোদিত তৃতীয় পক্ষ তথা সংস্থার দ্বারা পরীক্ষা করাতে হবে। সেই পরীক্ষায় পাশ করলে তবেই রিনিউ হবে লাইসেন্স। এর ফলে ক্রেতারা আরও নিরাপদ পানীয় জল পাবেন। FSSAI জানিয়েছে, এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা, যার উদ্দেশ্য পানীয় জলের মান বজায় রাখা।
- আর কী কী রয়েছে উচ্চ-ঝুঁকিপূর্ণ খাবারের তালিকায়?
বোতল বন্দি পানীয় জল ছাড়াও FSSAI-এর উচ্চ ঝুঁকিপূর্ণ খাবারের তালিকায় রয়েছে - দুধ ও দুগ্ধজাত পণ্য, মাংস ও মাংসজাত পণ্য, মাছ ও সামুদ্রিক পণ্য এবং ডিম ও ডিমজাত পণ্য।
সংস্থা বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের খাদ্য কমিশনাররা নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে এই পরীক্ষার অগ্রগতি খতিয়ে দেখবেন। নতুন নিয়ম চালু হওয়ার ফলে ব্যবসায়ীরা যেমন তাঁদের পণ্যের মান উন্নত করতে বাধ্য হবেন, তেমনই ত্রেতারাও নিরাপদ খাদ্য পাবেন।












Click it and Unblock the Notifications