পালঘর কাণ্ডে গ্রেফতার ১০১, সাম্প্রদায়িকতার ছোঁয়া নেই! দাবি মহারাষ্ট্র সরকারের
গত ১৬ এপ্রিল মহারাষ্ট্রের পালঘরে দুই সাধু সহ তিনজনকে পিটিয়ে হত্যা করে একদল উন্মত্ত জনতা। জানা যায় মৃতরা সুরাতে যাচ্ছিলেন কাজে। পালঘরের কাছে তাদের গাড়ি আটকায় একদল উন্মত্ত জনতা। চোর সন্দেহে ওই দুই সাধু ও তাদের গাড়ির ড্রাইভারকে লাঠি দিয়ে বেদম প্রহার করা হয়। পুলিশ গেলে তাদের উপরও চড়াও হয় জনতা।

পালঘরের ঘটনায় ধর্মীয় বিদ্বেষ নেই
অনেকেই এই ঘটনাকে ধর্মীয় বিদ্বেষের রূপে দেখছিলেন। কথা উঠেছিল, সাধুদের পিটিয়ে মারার ঘটনার পিছনে থাকতে পারে মুসলমানদের হাত। কিন্তু বুধবার মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ এই দাবি ও অনুমানকে খারিজ করে দেন।

১০১ জনকে গ্রেফতার করা হয়েছে
এদিন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ স্পষ্টভাবে জানিয়ে দেন যে, গত সপ্তাহে মহারাষ্ট্রের পালঘর জেলায় তিন ব্যক্তিকে গণপিটুনি দিয়ে মেরে ফেলার ঘটনায় এখনও পর্যন্ত যে ১০১ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে কেউই মুসলিম সম্প্রদায়ের নয়।

ঘটনাকে সাম্প্রদায়িক রং দেওয়া উচিত নয়
এই বিষয়ে তিনি বলেন, এই ঘটনাকে সাম্প্রদায়িক রং দেওয়া উচিত নয়। যাঁরা মারা গিয়েছেন ও যাঁরা আক্রমণ করেছে, তাঁরা সকলেই একই ধর্মালম্বী বলেও তিনি জানান। গোটা ঘটনাটির তদন্তে নেমেছে মহারাষ্ট্র সিআইডির অপরাধ দমন তদন্ত বিভাগ।

ঘটনার নিন্দা করেন উদ্ধ্বব
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধ্বব ঠাকরে প্রকাশ্যেই গোটা ঘটনার নিন্দা করেন এর আগে। একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, 'এই ঘটনায় আততায়ীদের দ্বারা দুই সাধু, একজন ড্রাইভার ও একজন পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন। ঘটনায় তিনজনকে মেরে ফেলার পরেও আততায়ীরা একটুও লজ্জিত নয়। ফলে আমি চাই তাদের কঠিন থেকে কঠিনতর সাজা হোক।'












Click it and Unblock the Notifications