তামিলনাড়ুতে বড় ধাক্কা খেল স্ট্যালিনের দল, পালানিস্বামীকে নিয়ে কটুক্তির জেরে নিষিদ্ধ রাজা
ডিএমকে নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এ রাজাকে আগামী ৪৮ ঘণ্টার জন্য ভোট প্রচার থেকে নিষিদ্ধ করল নির্বাচন কমিশন। উল্লেখ্য, কয়েকদিন আগে তালিমনাড়ুর মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকে নেতা ই পালানিস্বামীর জন্ম এবং তাঁর মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন এ রাজা। এরপরই পালানিস্বামী থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আক্রমণ শানিয়েছিলেন এ রাজার বিরুদ্ধে। পাশাপাশি নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল এআইএডিএমকে। এই অভিযোগের প্রেক্ষিতেই রাজার বিরুদ্ধে পদক্ষেপ নিল নির্বাচন কমিশন।

'রাজার বক্তব্য মহিলাদের প্রতি অপমানজনক'
এদিন নির্বাচন কমিশনের তরফে এই পদক্ষেপের প্রেক্ষিতে বলা হয়, 'এ রাজার বক্তব্য যে শুধু অবমাননাকরই তা নয়, এটি অশ্লীল ও মহিলাদের মাতৃত্বের মর্যাদাকে হ্রাস করে। এটা নির্বাচনী আচরণবিধিকে ক্ষুণ্ণ করার সমান।' পাশাপাশি এ রাজাকে সতর্ক করে দিয়ে নির্বাচন কমিশনের তরফে বলা হয়, 'কমিশন আপনাকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে এবং আশা করছে ভবিষ্যতে অশালীন, অবমাননাকর, অশ্লীল মন্তব্য করবেন না এবং মহিলাদের মর্যাদা হ্রাস হয়, এমন কিছু বলবেন না।'

তামিল রাজনীতির শিরোনামে রাজা
কয়েকদিন ধরেই তামিলনাড়ুর রাজনীতি তোলপাড় হচ্ছে ডিএমকে নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এ রাজার করা একটি মন্তব্যকে ঘিরে। কয়েকদিন আগে তিনি তামিলনাড়ু মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকে নেতা পালানিস্বামীর জন্ম এবং মাকে নিয়ে কটাক্ষ করেছিলেন রাজা। এই ঘটনার প্রেক্ষিতে শরিক নেতার ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

'আদ্যিকালের ২জি মিসাইল'
তালিমনাড়ুতে প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ রাজাকে 'আদ্যিকালের ২জি মিসাইল' বলে কটাক্ষ করেন। এদিন প্রধানমন্ত্রী বলেন, 'কয়েকদিন আগে ইউপিএ-র নির্দেশে এই মিসাইলটি লঞ্চ করা হয়েছিল নারী শক্তির উপর হামলা চালানোর উদ্দেশ্যে। আজ কংগ্রেস এবং ডিএমকে নেতারা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামীর মাকে আক্রমণ করছেন, কালকে তারা আপনাদের আক্রমণ করবে।'

'মহিলাদের অসম্মান করা কংগ্রেস এবং ডিএমকের অভ্যাস'
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছিলেন, 'মহিলাদের অসম্মান করা কংগ্রেস এবং ডিএমকের অভ্যাস। কয়েকদিন আগেই ডিএমকের একজন প্রার্থী ডিন্ডিগুল লেওনি মহিলাদের দুখ খাওয়া নিয়ে খুবই জঘন্য একটি মন্তব্য করেছিলেন। কিন্তু ডিএমকে তাকে থামানোর জন্য কোনও পদক্ষেপ নেয়নি। কংগ্রেসও চুপ থেকেছে।'












Click it and Unblock the Notifications