করুণানিধির শারীরিক অবস্থা সঙ্কটজনক, হাসপাতালে এলেন স্ত্রী, কী বলছে মেডিক্যাল বুলেটিন
সোমবার সন্ধ্যায় প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
ডিএমকে প্রেসিডেন্ট এম করুণানিধির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গত ২৯ জুলাই তারিখ থেকে তিনি চেন্নাইয়ের কাউভেরি হাসপাতালে আইসিইউ-তে ভর্তি। সোমবার সন্ধ্যায় হাসপাতাল থেকে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে তাঁর শরীরের প্রধান অঙ্গগুলি কাজ করা বন্ধ করে দিচ্ছে। এই খবর প্রকাশ হতে না হতেই হাসপাতালের বাইরে অসংখ্য ডিএমকে সমর্থক ভিড় লেগে গিয়েছে।

হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. অরবিন্দন সেলভারাজ ওই বুলেটিন প্রকাশ করেন। তাতে বলা হয়েছে, তাঁর দেহের প্রদান অঙ্গপ্রতঙ্গগুলিকে সচল রাখাটা চিকিৎসকদের পক্ষে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। তাঁকে ২৪ ঘন্টা মনিটর করা হচ্ছে, এবং কৃত্রিম যন্ত্রের সহায়তা দেওয়া হচ্ছে। চিকিৎসায় তাঁর শরীর কতটা সাড়া দেয় তার উপরই তাঁর আরোগ্য নির্ভর করছে।


এই বুলেটিন প্রকাশের আগেই তামিলনাড়ুর প্রদেশ কংগ্রেস সভাপতি এস তিরুনাভুক্করসর হাসপাতালে আসেন করুমানিধিকে দেখতে। তিনিই প্রথম সাংবাদিকদের জানান, সোমবার সকাল থেকেই অবস্থার অবনতি হচ্ছে করুণানিধির। তিনি বলেন, 'ডাক্তাররা সাধ্য়মতো চিকিৎসা করছেন। কিন্তু আমাদের তাঁর আরোগ্যের জন্য প্রার্থনা করা ছাড়া উপায় নেই।'


হাসপাতালের বাইরে যেমন ডিএমকের সমর্থকরা জড়ো হয়েছেন, তেমনই হাসপাতালে উপস্থিত হয়েছেন করুণানিধির স্ত্রী দয়ালু অম্মলও। তাঁকে হুইলচেয়ারে বসিয়ে হাসপাতালে নিয়ে আসেন করুণানিধির পুত্র এমকে তামিলারাসু। অন্যান্য পরিবারবর্গ ও দলের সিনিয়র নেতারাও হাসপাতালেই আছেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা নীতিন গড়কড়িও।














Click it and Unblock the Notifications