দুর্যোগের করাল গ্রাসে মহারাষ্ট্র, একদিনের সর্বোচ্চ বৃষ্টিতে অতীতের সমস্ত রেকর্ড ভাঙল মহাবালেশ্বর
মহাবালেশ্বরে একদিনের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড
শুরু থেকেই গোটা দেশে ভালো ফর্মে আছে বর্ষা। এবার তার ভয়ঙ্কর রূপ দেখতে শুরু করেছে গোটা দেশ। একটানা ভারী বৃষ্টির জেরে ইতিমধ্যেই বিপর্যস্ত হয়ে পড়েছে মহারাষ্ট্রের বিস্তৃর্ণ এলাকা। দুর্যোগের করাল গ্রাসে একাধিক জেলায় দেখা দিয়েছে ভূমিধ্বস। যার জেরে মৃতের সংখ্যা বাড়তে বাড়তে ৭০ পার করে গিয়েছে। এদিকে এরই মাঝে রেকর্ড পরিমাণ বৃষ্টির সাক্ষী থাকল মহারাষ্ট্রের পশ্চিমঘাটের পাহাড়ি শহর মহাবালেশ্বর।

পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় এই হিল স্টেশনে ৬০ সেমির বেশি বৃষ্টিপাত হয়েছে। একদিনের বৃষ্টিপাতের নিরিখে যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। এদিকে ভারতের আবহদফতরের পরিসংখ্যান বলছে কোনও এলাকায় একদিনে ২০ সেমির বেশি বৃষ্টিপাত হলেই তাকে অতিভারী বৃষ্টিপাত হিসাবে চিহ্নিত করা হয়। সেখানে শুধুমাত্র মহাবালেশ্বরের একদিনের বৃষ্টির পরিমাণ দেখে চোখ কপালে উঠছে আবহাওয়াবিদদেরও।
বৃহষ্পতিবার সকাল সাড়ে আটটা থেকে শুক্রবার সকাল সাড়ে আটটার মধ্যেই চলেছে মেঘের গর্জন সঙ্গে আকাশ ফাটা বৃষ্টিতে ভেসেছে মহাবালেশ্বর। যা বিপদসীমার থেকেও কার্যত তিনগুণ বেশি। অন্যদিকে মহাবালেশ্বরের সংলগ্ন একাধিক এলাকাতেও গত একদিনে মাত্রাছাড়া বৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে। কোলাপুরে গত ২৪ ঘণ্টায় ২৭ সেমির বেশি বৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে। সেখানে লোন্ডায় ২৮ সেমি।
অন্যদিকে বেলগাভীতে ৩৪ সেমি, বেতুলে ২৮ সেমি, শিমোগাতে ২৭ সেমি, উত্তর কন্নড়ে ২৪ সেমি, সংগীম ও হোশঙ্গাবাদে ২১ সেমি, সানকুলিমে ১৮ সেমি এবং কোডাগুতে ১৭ সেমি বৃষ্টিপাত হয়েছে বলে জানাচ্ছে। প্রতিটি এলাকাতেই মুষলধারার পরিমাণ অতিভারী বৃষ্টিপাতের সীমানাও পার করে চলে গিয়েছে। এদিকে গতকাল মহারাষ্ট্রের এখনও পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত হলেও এর আগে ২০০৮ সালের ১১ অগাষ্ট এই হিল স্টেশনে ৪৯.৭ সেমি বৃষ্টিপাত হয়েছিল বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications