এবার তৃণমূলে যোগ দিতে পারেন গান্ধী পরিবারের এক সদস্য! মমতার দিল্লি সফরের আগে জল্পনা তুঙ্গে
এবার তৃণমূলে যোগ দিতে পারেন গান্ধী পরিবারের এক সদস্য! মমতার দিল্লি সফরের আগে জল্পনা তুঙ্গে
ভিন রাজ্যের গান্ধী পরিবার ঘনিষ্ঠ কংগ্রেস (Congress) নেতানেত্রীদের তৃণমূলে (Trinamool Congress) যোগ দিতে দেখা গিয়েছে গত তিন মাসে। সেই তালিকায় বিশেষভাবে উল্লেখযোগ্য অসমের সুস্মিতা দেব (Sushmita Dev) এবং গোয়ার লুইজিনো ফেলেইরো (Luizinho Faleiro)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গোয়া (Goa) সফরের সময়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ (Leander Paes। এবার কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরে তৃণমূলের যোগ দেবেন গান্ধী পরিবারের কোনও সদস্য, যা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে বিষয়টি নিয়ে তৃণমূল কিংবা ওই নেতার তরফে কিছুই জানানো হয়নি।

তিনদিনের সফরে দিল্লি যাচ্ছেন মমতা
নবান্ন সূত্রে খবর ২২ নভেম্বর তিনদিনের সফরে দিল্লি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৫ নভেম্বর তাঁর দিল্লি থেকে ফেরার কথা রয়েছে। মুখ্যমন্ত্রীর এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে। সেই বৈঠকে রাজ্যের বকেয়া নিয়ে আলোচনা করা ছাড়াও, বিএসএফ-এর কাজের পরিধি বৃদ্ধির বিষয়টি নিয়েও কথা হতে পারে। কথা হতে পারে বিভিন্ন বিরোধী দলের নেতানেত্রীদের সঙ্গেও। তবে এই ব্যাপারে এখনও কিছুই জানা যায়নি।

সফরে থাকতে পারে চমক
তৃণমূল সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের দিল্লি সফর যথেষ্টই তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে। সুস্মিতা দেব কিংবা লুইজিনো ফেলেইরো অভিষেক বন্দ্যোপাধ্যায়-পার্থ চট্টোপাধ্যায়দের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিয়েছিলেন। কিন্তু গোয়া সফরে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর হাত থেকে পতাকা তুলে নিয়েছিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ এবং অভিনেত্রী নাফিসা আলি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরে চমক থাকতে পারে বলে কোনও কোনও সংবাদ মাধ্যমে প্রকাশ করা হলেও , এব্যাপারে তৃণমূলের তরফ থেকে কিছুই বলা হয়নি।

তৃণমূলে যোগ দিতে পারেন বরুণ গান্ধী
তৃণমূল সূত্রে দাবি করা হয়েছে, এমন অনেক নেতা বিজেপিতে রয়েছে, যাঁরা কংগ্রেসে যেতে পারবেন না, তাঁদের অনেকেই নাকি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন। এব্যাপারে উল্লেখযোগ্য বাজপেয়ী জমানায় মন্ত্রী থাকা যশবন্ত সিনহা আগেই তৃণমূলে যোগ দিয়েছেন। এই ধরনের নেতাদের মতে ২০২৪-এর লোকসভা নির্বাচনে মোদীকে রুখতে মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।
এব্যাপারে পিলভিটের বিজেপি সাংসদ বরুণ গান্ধীর নাম নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কেননা গত কয়েকমাস ধরে বরুণ গান্ধী বিজেপিতে তীব্র আক্রমণ করে বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া দিচ্ছেন। সাম্প্রতিক সময়ে একদিকে যেমন লখিমপুরে কৃষক হত্যার তীব্র নিন্দা করেছিলেন বরুণ অন্যদিকে নাথুরাম গডসেকে নিয়েও সরব হতে দেখা গিয়েছে তাঁকে। বিদ্রোহের আঁচ করতে পেরে বরুণ গান্ধী এবং তার মা প্রাক্তন মন্ত্রী মেনকা গান্ধীকে বিজেপি তাঁদের জাতীয় কর্মসমিতি থেকে বাদ দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে বরুণ গান্ধীর কংগ্রেসে যাওয়া সম্ভব নয়। কিন্তু রাজনৈতিক মত প্রকাশের জন্য তাঁরও কোনও মঞ্চের প্রয়োজন হতে পারে। যদিও বরুণ গান্ধী দলবদল করতে নিজে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।

তালিকায় রয়েছেন অনেকেই
সূত্রের আরও খবর, উত্তর প্রদেশ থেকে তৃণমূলের মিশন ২০২৪-এর জন্য তালিকায় রয়েছেন এক বিএসপি সাংসদও। সুপ্রিমো মায়াবতীর সঙ্গে মতবিরোধের জেরে দানিশ আলি নামে ওই নেতা লোকসভার নেতার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কোনও নেতা তৃণমূলে যোগ দিচ্ছেন কিনা তা জানতে এখনও কয়েকদিন অপেক্ষা করতে হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications