কিরণ বেদীর কারণেই কি হার দিল্লিতে, বিজেপিকে প্রশ্ন সঙ্ঘের
নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি: কিরণ বেদীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেই কি দিল্লিতে ডুবল বিজেপি? এ বার এই প্রশ্ন তুলল আরএসএস। তাদের মুখপত্র 'পাঞ্চজন্য'-তে দু'টি নিবন্ধে এমনই প্রশ্ন তোলা হয়েছে।
'আকাঙক্ষায়োঁ কি উড়ান' (আকাঙক্ষার উড়ান) এবং 'ওয়াদে, সওয়াল, কেজরিওয়াল' (প্রতিশ্রুতি, প্রশ্ন, কেজরিওয়াল) শীর্ষক দু'টি নিবন্ধে বলা হয়েছে, "বিজেপি কেন হারল, এটাই প্রশ্ন। কিরণ বেদীকে মুখ্যমন্ত্রী পদে প্রার্থী করার সিদ্ধান্ত কি সঠিক ছিল? হর্ষবর্ধন বা অন্য কেউ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হলে কি ভালো হত?"

সাধারণভাবে বিজেপির সঙ্গে আরএসএস-এর এমন প্রকাশ্য মতভেদ বিরল। ওয়াকিবহাল মহলের মতে, হর্ষবর্ধন সঙ্ঘ পরিবারের খুবই কাছের লোক। তাই আরএসএস কর্তারা তাঁকেই দিল্লির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করতে চেয়েছিলেন। কিন্তু বিজেপি নেতৃত্ব হঠাৎ কিরণ বেদীকে নামায়। কিরণ বেদী মোটেও সঙ্ঘ পরিবারের পছন্দের নন। তাই বিজেপির হারের সুযোগে তারা মুখ খুলেছে বলে মনে করা হচ্ছে।
'পাঞ্চজন্য'-তে ছাপা হওয়া নিবন্ধ দু'টিতে আরও দু'টি বিষয় দাবি করা হয়েছে। প্রথমত, কিরণ বেদীকে মাথায় বসিয়ে দেওয়ায় ক্ষুব্ধ বিজেপি কর্মীরা ভোটের প্রচারে সক্রিয়ভাবে অংশ নেননি। ফলে বিজেপির ক্ষতি হয়েছে। দ্বিতীয়ত, নরেন্দ্র মোদীর 'জনকল্যাণমূলক' কাজগুলি সঠিকভাবে মানুষের কাছে তুলে ধরতে ব্যর্থ হয়েছে বিজেপি।












Click it and Unblock the Notifications