ভাঙা গিয়েছে করোনার 'চেন'! ধারাভির কন্টেইনমেন্ট মডেলের প্রশংসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ভাঙা গিয়েছে করোনার 'চেন'! ধারাভির কন্টেইনমেন্ট মডেলের প্রশংসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা
করোনার সংক্রমণ মোকাবিলায় মুম্বইয়ের ধারাভি বস্তির কাজের প্রশংসা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের চেষ্টার ফলে সংক্রমণের চেন ভাঙা গিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডানম ঘেব্রেসাস ধারাভির সঙ্গে ভিয়েতনাম, কাম্বোডিয়া, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, ইতালি, স্পেন ও দক্ষিণ কোরিয়ার কথা উল্লেখ করেছেন।

করোনার ক্লাস্টার থেকে সফল কন্টেইনমেন্ট মডেল
একটা সময়ে প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার নিরিখে বারে বারে উঠে আসত এশিয়ার বৃহত্তম ধারাভি বস্তির নাম। করোনা ভাইরাসের ক্লাস্টার হয়ে উঠেছিল ধারাভি। কিন্তু সেই পরিস্থিতি থেকে আস্তে আস্তে তা সফল কন্টেইনমেন্ট মডেলে পরিণত হয়েছে। ধারাভির ২.৫ স্কোয়ার কিমি এলাকায় বাস করেন প্রায় ৬.৫ লক্ষ মানুষ।

বিশ্বের সফল দেশগুলির সঙ্গে ধারাভির উল্লেখ
করোনার সংক্রমণ রুখতে ভিয়েতনাম, কাম্বোডিয়া, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, ইতালি, স্পেন ও দক্ষিণ কোরিয়া বড় ধরনের সাফল্য পেয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সঙ্গে মুম্বইয়ের ধারাভি বস্তির নামও উল্লেখ করা হয়েছে। টেস্টিং, ট্রেসিং, আইসোলেশন অ্যান্ড ট্রিটিং, এইউভাবেই সেখানে করোনার চেন ভাঙা সম্ভব হয়েছে।

ধারাভিতে সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে
ধারাভিতে সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। সেখানে কেবলমাত্র ১৬৬ জন করোনা অ্যাকটিভ রয়েছেন। এখনও পর্যন্ত ১৯৫২ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ২৩৫৯ জন।

কয়েক সপ্তাহ আগেও ধারাভি ছিল আতঙ্ক
কয়েক সপ্তাহ আগেও ধারাভি ছিল মুম্বইয়ের বড় আতঙ্কের। কিন্তু সেখানে লকডাউন কঠোর ভাবে অনুসরণ এবং সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে চলার কারণে সাফল্য এসেছে।












Click it and Unblock the Notifications