হাতে ছিল হাই–প্রোফাইল তিনটে মামলা, অতিরিক্ত জেলা জজ হত্যা ঘটনায় অটোচালক সহ ধৃত ২
অতিরিক্ত জেলা জজ হত্যা ঘটনায় অটোচালক সহ ধৃত ২
ধানবাদের অতিরিক্ত জেলা জজ হত্যা ঘটনায় বৃহস্পতিবার ঝাড়খণ্ড পুলিশ অটো চালক সহ ২ জনকে গ্রেফতার করেছে। প্রসঙ্গত, বুধবার ধানবাদের অতিরিক্ত জেলা জজ উত্তম আনন্দ প্রাতঃর্ভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময় একটি অটো তাঁকে পেছন দিক থেকে এসে ধাক্কা মারে। যার ছবি ধরা পড়ে সিসি ক্যামেরায়।

৩টি গুরুতর মামলার রায়ের দায়িত্বে ছিলেন
উত্তম আনন্দ বুধবার তাঁর সরকারি আবাসন থেকে ৫০০ মিটার দূরে ফাঁকা রাস্তায় জগিং করছিলেন। সেই সময় তাঁর সঙ্গে এই ঘটনাটি ঘটে। অতিরিক্ত জেলা জজকে গুরুতর আহত অবস্থায় এক পথচারি হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো যায়নি। এখানে উল্লেখ্য, ধানবাদে উত্তম আনন্দের পোস্টিং হয়েছিল ছয়মাস আগে। আর ওই জজের হাতে ছিল ২টি হাই-প্রোফাইল খুনের মামলা এবং অবৈধ কয়লা পরিবহন (চুরি) সম্পর্কিত মামলা। পুলিশ খতিয়ে দেখছে এই মামলাগুলির সঙ্গে কোনওভাবে জজের হত্যা জড়িত কিনা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঘটনার ফুটেজ
প্রাথমিকভাবে এটা পথ দুর্ঘটনার মামলা বলে মনে হলেও সিসি ক্যামেরার ফুটেজ দেখার পর পুরো ঘটনাটি স্পষ্ট হয়। ইতিমধ্যেই এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং ফুটেজ থেকে স্পষ্ট যে ধাক্কা ইচ্ছাকৃতভাবে মারা হয়েছে। ফুটেজে দেখা গিয়েছে, জজ রাস্তার একেবারে বাঁ দিক দিয়েই জগিং করছিলেন হঠাৎই একটি অটো এসে পেছনদিক থেকে ধাক্কা মেরে চলে যায়। ময়নাতদন্তের পর তাঁর দেহ শেষকৃত্যের জন্য হাজারিবাগে তাঁর বাড়িতে পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টে এই ফুটেজ প্রতিধ্বনিত হয়েছে।

সিট গঠন
এই ঘটনায় পুলিশ ধানবাদ এসপি আর. রামকুমারের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে তদন্তের খাতিরে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ধানবাদের শীর্ষ এসপি সঞ্জীব কুমার বলেন, 'ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আমরা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছি যেটি ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছে। আমরা এই ঘটনার সঙ্গে যুক্ত লক্ষ্মণ বর্ম, অটো চালক ও আর এক ব্যক্তি রাহুল বর্মকে গ্রেফতার করেছি। এই অপরাধে ব্যবহৃত অটোটিকে গিরিডি জেলা থেকে উদ্ধার করা হয়েছে। আমরা ফরেন্সিক টিম ও তদন্তকারী দলের সঙ্গে সমন্বয় সাধন করে তদন্ত করছি।' ধৃত দুই ব্যক্তি এর আগে ছোটখাটো চুরির ঘটনার সঙ্গে যুক্ত ছিল এবং তাদের বিষয়ে আরও তথ্য দেওয়ার জন্য সব পুলিশ থানাকে বলা হয়েছে।

অটো চুরি
পুলিশ সূত্রের খবর, খুনের ঘটনায় ব্যবহৃত অটোটি বুধবার ভোররাত ২টো নাগাদ চুরি করা হয় এবং ভোর পাঁচটার সময় জজকে ধাক্কা মারা হয়। অটোর মালিককে সনাক্ত করা গিয়েছে। এই ঘটনায় ঝাড়খণ্ড হাইকোর্ট স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। ঝাড়খণ্ডের অ্যাডভোকেট জেনারেল বলেছেন, 'এই ঘটনা নিন্দনীয়। এই ইস্যু নিয়ে সরকার যথেষ্ট সংবেদনশীল। ফুটেজ দেখে বোঝা যাচ্ছে যে এটি খুনের ঘটনা। পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করছে এবং ২ জনকে গ্রেফতারও করেছে। দোষীরা রেহাই পাবে না।'












Click it and Unblock the Notifications