Devendra Fadnavis: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন ফড়নবীশই! কাটল জট? বড় ঘোষণা করে দিলেন বিজেপি নেতা
Devendra Fadnavis: দেবেন্দ্র ফড়নবীশকেই মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করে দিলেন বিজেপি নেতা সুধীর মুনগান্টিওয়ার (Sudhir Mungantiwar)। বিজেপির পরিষদীয় দলের বৈঠকেও একই সিদ্ধান্ত নেওয়া হবে বলে দাবি তাঁর। ফড়নবীশের মুখ্যমন্ত্রী (Maharashtra Chief Minister) হওয়া নিয়ে দলের অন্দরে কোনও দ্বিমত নেই বলে জানান প্রাক্তন মন্ত্রী।
এদিন সুধীর আরও জানান, ফড়নবীশের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে অসন্তুষ্ট নন খোদ বিদায়ী মুখ্যমন্ত্রী তথা মহাজুটির শরিক শিবসেনার একনাথ শিন্ডে। সুধীর বলেন, "দফতর নিয়ে দাবিদাওয়া রাখা মানেই রাগের প্রকাশ, এটা ভাবা ভুল। শিন্ডে সকলকে মর্যাদা দেন। তিনিও এই সরকারের অংশ হয়ে থাকবেন। তাঁকেও যথাযথ মর্যাদা দেওয়া হবে।"

৫ ডিসেম্বর মুম্বইতে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে মহাজুটির সরকারের (Mahayuti Govt)। এদিন সুধীরের মন্তব্যেই সায় দেন রাজ্যের অপর এক বরিষ্ঠ বিজেপি নেতাও। বিজেপির পরিষদীয় দলের নেতা হিসেবেও ফড়নবীশকেই বেছে নেওয়া হবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী হিসেবেও দলে ফড়নবীশের নামই চূড়ান্ত করা হয়েছে বলে দাবি তাঁর।
মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর বিজেপির তরফেই হবে বলে আগেই নিজের পূর্ণ সমর্থন জানিয়েছিলেন শিন্ডে। ছেলে শ্রীকান্ত শিন্ডে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হতে পারেন বলে জল্পনা চলছিল। যদিও সেই সমস্ত দাবি মিথ্যে বলে জানান একনাথ পুত্র। এরই মধ্যে সোমবার মহাজুটির বৈঠক হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়ে যায়। অসুস্থতার কারণে একনাথ শিন্ডে কিছুটা সময় নিয়েছেন বলে খবর সূত্রের।
গত ২৩ নভেম্বর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হয়। ২৮৮টি আসনের মধ্যে ১৩২টি বিজেপি, ৫৭টি শিবসেনা ও এনসিপি ৪১টি আসন পেয়ে ক্ষমতায় ফেরে মহাজুটি। তিন শরিক দলের আলোচনার মাধ্যমেই মুখ্যমন্ত্রী ঠিক করা হবে বলে জানিয়েছিলেন শিন্ডে ও পাওয়াররা। সরকার গঠন নিয়ে দিল্লিতে অমিত শাহের বাসভবনে বৈঠকও সারেন একনাথ শিন্ডে, অজিত পাওয়ার ও দেবেন্দ্র ফড়নবীশ।
শাহের সঙ্গে বৈঠক ইতিবাচক হয়েছে বলে দাবি করেছিলেন সকলেই। যদিও এই নিয়ে টানা দশ দিন পেরিয়ে গেলেও এখনও চূড়ান্ত ঘোষণা করা হল না মুখ্যমন্ত্রীর নাম। এরই মধ্যে আগামী ৫ তারিখ আজাদ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান। উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শরিকদের তুষ্ট রাখতে তার আগে সাবধানে পা ফেলছে বিজেপি (BJP)।












Click it and Unblock the Notifications