নাছোড়বান্দা সেনাকে এড়িয়েই মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে শপথ নেবেন ফড়নবিশ!
শিবসেনা যতই পথ আটকে দাঁড়াক, নিজেদের দায়িত্বে ফের একবার মহারাষ্ট্রের সরকার গঠন করতে চলেছে বিজেপি আর সেই সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে আগামী মঙ্গলবার ৫ নভেম্বর শপথ নিতে চলেছেন দেবেন্দ্র ফড়নবিশ।

মহারাষ্ট্র বিজেপি সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আগামী মঙ্গলবার যদি না হয় তাহলে তার পরের দিন অর্থাৎ ৬ নভেম্বর বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে ফের একবার শপথ নেবেন দেবেন্দ্র ফড়নবিশ। সেই শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
বিজেপি সূত্রে খবর, শিবসেনা যতই জলঘোলা করার চেষ্টা করুক, এবং মুখ্যমন্ত্রী পদের দাবি জানান না কেন, শিবসেনার এই কথা মানা হবে না তা আগেই স্পষ্ট করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী হবে বিজেপির তরফেই। আর তা হবেন দেবেন্দ্র ফড়নবিশ। আগামী সপ্তাহে যে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন চলছে তার দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি বিধায়ক প্রসাদ লাড ও চন্দ্রকান্ত পাতিলকে।
এদিকে ফের একবার শিবসেনা নেতা সঞ্জয় রাউত সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ফিফটি-ফিফটি ফর্মুলা মানে তাতে সমানভাবে ক্ষমতার বন্টন হবে। তার মধ্যে মুখ্যমন্ত্রীর পদও রয়েছে। অর্থাৎ পাঁচ বছর সময়কালের অর্ধেক সময় মুখ্যমন্ত্রী হিসেবে নিজেদের দলের কাউকেই পদে দেখতে চাইছে শিবসেনা। তা ফের একবার স্পষ্ট করে দিয়েছেন সঞ্জয় রাউত। এই অবস্থায় পরিস্থিতি কোনদিকে গড়ায় সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications