Maharashtra CM: ফড়নবীশকে নিয়ে ‘গোসা’ শিন্ডের, মানভঞ্জনে ব্যস্ত বিজেপি! মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী বাছাইয়ে জট
Maharashtra Next CM: মহারাষ্ট্রে মহানাটক। মুখ্যমন্ত্রীর পদ নিয়ে জটিলতা। মঙ্গলে বিধানসভার মেয়াদ ফুরোলেও এখনও মুখ্যমন্ত্রী কে হবেন, সেই সিদ্ধান্তে পৌঁছতেই পারল না মহাজুটি (Mahayuti)। এবার এনিয়ে বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে (Ramdas Athawale)।
এনডিএর শরিক দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার (RPI) সুপ্রিমো রামদাস আঠাওয়ালে। এদিন তাঁর দাবি, মহারাষ্ট্রে দেবেন্দ্র ফড়নবীশকেই মুখ্যমন্ত্রী হিসেবে ঠিক করে ফেলেছে বিজেপির হাইকমান্ড। কিন্তু তা নিয়ে একনাথ শিন্ডে খুশি নন বলে দাবি রামদাসের। একনাথের অভিমান দূর করতেই বিজেপি ব্যস্ত বলে এদিন দাবি করলেন রামদাস আঠাওয়ালে।

এদিন মন্ত্রী আরও বলেন, "একনাথের উচিত দু'পা পিছিয়ে যাওয়া। ঠিক যেমন দেবেন্দ্র ফড়নবীশ চার পা পিছিয়ে একনাথের সরকারের অধীনে কাজ করেছিলেন। একনাথ শিন্ডের উচিত উপমুখ্যমন্ত্রী (Deputy Chief Minister) হওয়া অথবা অন্তত মন্ত্রিসভার সদস্য হওয়া।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মধ্যস্থতায় সমস্যার সমাধান হবে বলেও আশাবাদী তিনি।
এদিন তাঁর দল থেকে অন্তত একজনকে মন্ত্রী করার দাবি তুলেছেন আরপিআই প্রধান রামদাস আঠাওয়ালে। দেবেন্দ্র ফড়নবীশের (Devendra Fadnavis) কাছে তিনি সেই দাবি পেশ করেছেন বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী। পাশাপাশি, মহাজুটির সরকার গড়তে একনাথ শিন্ডের ৫৭ জন বিধায়কের সমর্থনও দাবি করলেন রামদাস।
মঙ্গলবারই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন একনাথ শিন্ডে (Eknath Shinde)। মহারাষ্ট্রে ১৪ তম বিধানসভার কার্যকালের মেয়াদও ফুরিয়েছে এদিন। বিধানসভা নির্বাচনে জয়ী মহাজুটিতে ১৩২টি আসন পেয়েছে বিজেপি। শিন্ডের শিবসেনা ও অজিতের এনসিপি পেয়েছে যথাক্রমে ৫৭ ও ৪১টি আসন। আর তাই, মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে গিয়েছেন দেবেন্দ্র ফড়নবীশ।












Click it and Unblock the Notifications