'মহারাষ্ট্রের আস্থাভোট অধিবেশন অসাংবিধানিক', রাজ্যপালের দ্বারস্থ দেবেন্দ্র ফড়নবীশ
রাজ্যপাল ৩ ডিসেম্বর পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সময় দিয়েছিলেন। তবে সময় নষ্ট না করে আজই আস্থাভোট সেরে ফেলল উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন মহা বিকাশ আঘাড়ি সরকার। তবে নিরুত্তাপ আস্থাভোটের আগে দেবেন্দ্র ফড়নবীশের অভিযোগের তিরে বিদ্ধ হয় নবগঠিত সরকার পক্ষ। উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন। শেষমেষ ওয়াকআউট করে বিজেপি। সভা থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, যাবতীয় অভিযোগ নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাবে বিজেপি বিধায়করা।
|
'মন্ত্রীদের শপথ গ্রহণ অবৈধ'
আজ আস্থাভোট শুরুর আগেই হট্টগোল শুরু হয় বিধানসভায়। অধিবেশন অসাংবিধানিক বলে নতুন অধিবেশন ডাকার রব তোলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা নাগপুরের বিজেপি বিধায়ক দেবেন্দ্র ফড়নবীশ। প্রথমেই তিনি অভিযোগ তোলেন যে, উদ্ধবের সরকারের মন্ত্রীদের শপথ গ্রহণ অবৈধ। কারণ প্রোটোকল ভেঙে তাঁরা শপথ বাক্যে নিজেদের দলের নেতাদের নাম নেন। তিনি আরও অভিযোগ করেন যে ভোর রাত একটার সময় আস্থাভোট ও অধিবেশনের বিষয়ে জানানো হয় তাদের। এর জেরে অনেক বিধায়ক যোগ দিতে পারেননি অধিবেশনে।
|
প্রোটেম স্পিকার বদল নিয়ে সুর চড়ান ফড়নবীশ
এছাড়াও একাধিক বিষয়ে তিনি সুর চড়াতে থাকেন। দেবেন্দ্র ফড়নবীশ অভিযোগ করেন যে বন্দে মাতরম গান দিয়ে অধিবেশন শুরুর রীতি থাকলেও তা করা হয়নি। পাশাপাশি প্রোটেম স্পিকার বদল নিয়ে শিবসেনা জোটকে তোপ দাগেন তিনি। পাশাপাশি তিনি বলেন মহারাষ্ট্রের ইতিহাসে কখনও স্থায়ী স্পিকার ছাড়া আস্থাভোট হয়নি। প্রসঙ্গত, স্পিকার নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করে কংগ্রেস ও বিজেপি। কংগ্রেসের পরিষদীয় দল নেতা ও সদ্য শপথ নেওয়া ক্যাবিনেট মন্ত্রী বালাসাহেব থোরাট জানান, কংগ্রেসের তরফে স্পিকার পদের জন্য নানা পোটোলে লড়বেন। বিজেপির তরফে স্পিকার পদের জন্য লড়বেন কিষাণ খাতোর। রবিবার অনুষ্ঠিত হবে মহারাষ্ট্রের স্পিকার পদের নির্বাচন।

'এখনও নিজেদের বিধায়কদের উপর আস্থা নেই আঘাড়ি জোটের'
ফড়নবীশ অভিযোগ এনে বলেন, "ওদের এখনও ভয় রয়েছে। ওদের সব বিধায়করা এখনও এই জোটে সন্তুষ্ট নয়। ওরা জানে যদি গোপন ব্যালটে আস্থা ভোট হয় তবে ওরা হেরে যাবে। স্পিকারও ওদের হবে না। তাই স্থায়ী স্পিকার নির্বাচিত হওয়ার আগেই তড়িঘড়ি আস্থা ভোট সম্পন্ন করল তারা। এশিয়ার ইতিহাসে কখনও হয়নি যে কোনও দেশের বা আমাদের লোকসভা বা বিধানসভার প্রোটেম স্পিকার বদল হয়েছে। ওরা এতদিন ধরে নিজেদের বিধআয়কদের পাঁচ তারা হোটেলে রেখেছে। তাও তাঁদের উপর ভরসা করতে পারে না।"

এরই মাঝে ধ্বনি ভোটে ফ্লোরটেস্ট জয় উদ্ধবের
এদিকে বিজেপির ওয়াকাউটের মাঝেই সম্পন্ন হয় আস্থাভোট পর্ব। যেখানে খুব সহজেই জয় লাভ করেন উদ্ধব ঠাকরে। শিবসেনার ৫৬, এনসিপি-র ৫৪ এবং কংগ্রেসের ৪৪ জন বিধায়ক ছাড়াও ৮ জন নির্দল বিধায়ক, সমাজবাদী পার্টির ২ জন বিধায়ক এবং স্বাভিমানী শেতকরি (১), বহুজন বিকাশ আঘাড়ি(৩), পিস্যান্টস অ্যান্ড ওয়ার্কারস পার্টি অব ইন্ডিয়া(১) মিলিয়ে মোট ১৬৯ বিধায়ক সমর্থন জানান উদ্ধব নেতৃত্বাধীন জোটকে। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা ও সিপিআই-এর একজন করে বিধায়ক ও আসাদউদ্দিন ওয়েইসির এআইমআইম-এর দুই বিধায়ক ভোট দেওয়া থেকে বিরত থাকে।












Click it and Unblock the Notifications