নীতীশ কুমার তাঁকে বলেছিলেন...! ২০২৪ সালের জোট নিয়ে বিহারের মুখ্যমন্ত্রীর 'দ্বিচারি' অবস্থান ফাঁস দেবগৌড়ার
বিরোধীদের ইন্ডিয়া ব্লকের অন্যতম উদ্যোক্তা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কিন্তু চারমাস আগেও তাঁর অবস্থান ছিল ভিন্ন। নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলেছিলেন, প্রবীণ নেতা এইচডি দেবগৌড়ার সঙ্গে। সেই কথাই এবার সংবাদ মাধ্যমের সামনে এনেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে জনতা দল সেকুলার প্রধান দেবগৌড়া বলেছেন, নীতীশ কুমার জনতা দলের ভেঙে যাওয়া অংশগুলিকে একত্রিত করে জনতা ফ্রিডম ফ্রন্ট গঠন করতে চেয়েছিলেন। এর জন্য তাঁকে অফারও দেওয়া হয়েছিল।

প্রাক্তন প্রধানমন্ত্রী দাবি করেছেন, তিনি জেডিইউ-এর সঙ্গে যেতে অস্বীকার করেছিলেন। পাশাপাশি তিনি নীতীশ কুমারকে মনে করিয়ে দিয়েছিলেন, কংগ্রেস তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। পাশাপাশি তিনি বলেছেন, ৯১ বছর বয়সে কোনও জাতীয় পদের উচ্চাকাঙ্খা তাঁর নেই।
নীতীশ কুমার ও কংগ্রেসকে নিয়ে ইন্ডিয়া ব্লক গঠনের পরে দেবগৌড়ার এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন, চারমাস আগে নীতীশ কুমার তাঁর দলের সভাপতি ও অন্য সিনিয়র নেতাদের পাঠিয়েছিলেন তাঁকে (দেবগৌড়া) বোঝাতে। কিন্তু তিনি রাজি হননি। তিনি পাল্টা বলেছিলেন, কংগ্রেসের বিশ্বাসঘাতকতা দেখেছেন তিনি। ফলে এই প্রস্তাবে অন্য দল গেলেও তিনি যাবেন না, স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি।
সাক্ষাৎকারে কংগ্রেসকে আক্রমণ করে দেবগৌড়া বলেছেন, তারা মনে করে, তারা কর্নাটক থেকে জেডিএসকে নির্মূল করবে। রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সম্পর্কে দেবগৌড়া বলেন, তিনিই তাঁকে (সিদ্দারামাইয়া) রাজনীতিতে নিয়ে এসেছিলেন। কিন্তু আজ তিনি বলছেন, যদি জেডিএস বিরোধী জোটে আসে, তবে তিনি এর বাইরে থাকবেন।
উল্লেখ করা যেতে পারে, ২০১৮ সালে জেডিএস ও কংগ্রেস একসঙ্গে কর্নাটকে সরকার গঠন করেছিল। কিন্তু সেই জোট বেশিদিন স্থায়ী হয়নি। এবার জেডিএস ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিজেপির সঙ্গে জোট করেছে।












Click it and Unblock the Notifications