বেআইনি অনুপ্রবেশকারীদের ডিটেনশন সেন্টার প্রায় তৈরি দক্ষিণের শহর বেঙ্গালুরুতে
গোটা দেশে এনআরসি করতে চায় মোদী সরকার। অমিত শাহ রাজ্য সভায় সেকথা ঘোষণাও করেছেন।
গোটা দেশে এনআরসি করতে চায় নরেন্দ্র মোদী সরকার। অমিত শাহ রাজ্য সভায় সেকথা ঘোষণাও করেছেন। মহারাষ্ট্র, কর্নাটক, অসম সহ দেশের একাধিক জায়গায় বেআইনি শরণার্থীদের থাকার জন্য ডিটেনশন সেন্টার তৈরি করছে মোদী সরকার। বেঙ্গালুরুর ডিটেনশন সেন্টার প্রায় তৈরি হয়ে গিয়েছে। শেষ মুহূর্তের কিছু কাজ চলছে তাতে।

বেঙ্গালুরুতে ডিটেনশন সেন্টার
বেঙ্গালুরু থেকে ৩০ কিলোমিটার দূরে সোন্দেকোপ্পা গ্রামে তৈরি হয়েছে এই ডিটেনশন সেন্টার। বিশাল সেই কম্পাউন্ডের দুই দিকে রয়েছে উঁচু উঁচু দুটি সিকিউরিটি টাওয়ার। পাঁচিলের উপরে বিদ্যুতের তার দিয়ে বেড়া তৈরি করা হয়েছে। ইংরেজির এল আকৃতির একটি বিল্ডিং রয়েছে সেই কম্পাউন্ডের ভেতর। তাতে রয়েছে সাতটি ঘর। একটি রান্নাঘর এবং একাধিক শৌচাগার। সেই সাতটি ঘরে ১৫টি শয্যার বন্দোবস্ত রয়েছে।

২০২০ সালেই কাজ শুরু
যাতে কেউ এই কম্পাউন্ডের ভেতরে প্রবেশ করতে না পারে সেকারণে পুলিস পাহারায় রয়েছে। ভেতরে কাজ করছেন সামাজিক সুরক্ষা বিভাগের কর্মীরা। স্টাফ কোয়ার্টারও তৈরি করা হয়েছে সেখানে। ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে কর্নাটক সরকার এটি তৈরি করা শুরু করেছিল। এক বছরের মধ্যেই তার নির্মাণকাজ শেষ হয়ে এসেছে। ২০২০ সালের জানুয়ারি মাসে সেটির উদ্বোধন হওয়ার কথা।

রাজ্য সরকারে নির্দেশ
কর্নাটক সরকার গত ৯ ডিসেম্বর রাজ্যপুলিসের হাতে এই কম্পাউন্ডের নিরাপত্তার দায়িত্ব দেয়। নির্দেশিকা জারি করে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল কর্নাটক পুলিসকে। প্রথমে সামাজিক সুরক্ষা বিভাগের পিছিয়ে পড়া শ্রেণির ছাত্রদের হোস্টেল হিসেবে চালানোর কথা বলা হয়েছে। পরে সেটি বেআইনি অনুপ্রবেশকারীদের জন্য তৈরি করার কথা ঘোষণা করে কর্নাটক সরকার। ২০২০ সালের মধ্যে এটি পুরোদস্তুর চালু করার কথা বলেছে সরকার।

গ্রেফতার ১৫ বাংলাদেশি অনুপ্রেবেশকারী
২০১৮ সালের অগস্টে কর্নাটকে ১৫ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছিল। কর্নাটক হাইকোর্ট তাদের রাখার জন্য দ্রুত বন্দোবস্ত করতে বলে রাজ্য সরকারকে। তারপরেই আরও তৎপরতার সঙ্গে এই ডিটেনশন সেন্টারটি তৈরি করা হয়। এখানে পুলিসি নিরাপত্তায় রাখা হবে তাঁদের। হোস্টেল ওয়ার্ডেন, ক্লার্ক, রাঁধুনি এবং অন্যান্য কর্মীরা এই ডিটেনশন সেন্টার পরিচালনা করবেন।












Click it and Unblock the Notifications