দেশে আক্রান্তের সংখ্যা কমলেও এখনও ভয় ধরাচ্ছে দক্ষিণের এই রাজ্য, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সক্রিয় রোগী
দেশে আক্রান্তের সংখ্যা কমলেও এখনও ভয় ধরাচ্ছে দক্ষিণের এই রাজ্য
গত কয়েকদিনে ভারতে ফের নামতে চলেছে করোনা গ্রাফ। কিন্তু তারমধ্যেও উদ্বেগ বাড়িয়ে চলেছে একাধিক রাজ্য। মঙ্গলবার তামিলনাড়ুতেই আক্রান্ত হলেন সর্বাধিক মানুষ। যা মহামারি শুরু হওয়ার পর থেকে সে রাজ্যে সর্বোচ্চ বলে জানা যাচ্ছিল। কিন্তু বুধবার ফের ভেঙে যায় সেই রেকর্ড। দক্ষিণের এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়েন ৩৪ হাজার ৮৭৪ জন।

এদিকে দেশের করোনা গ্রাফের সঙ্গে সামঞ্জস্য রেখে গত কয়েকদিনে নামতে শুরু করেছিল তামিলনাড়ুর আক্রান্তের সংখ্যা। ১৫ মে রাজ্যে করোনার কবলে পড়েন ৩৩ হাজার ৬৫৮ জন। ১৬ মে আক্রান্ত হন ৩৩ হাজার ১৮১ জন। ১৭ মে সংখ্যাটা দাঁড়ায় ৩৩ হাজার ৭৫। বর্তমানে তামিলনাড়ুতে করোনা আক্রান্তের মোট সংখ্যা ১৭ লক্ষের গণ্ডি পার করে ফেলেছে। আর তাতেই নতুন করে বাড়ছে উদ্বেগ।
অন্যদিকে গোটা রাজ্যজুড়েই জারি রয়েছে মৃত্যুমিছিল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার ছোবলে মারা যান ৩৬৫ জন। তার আগের দিন সংখ্যাটা ছিল ৩৬৪। বর্তমানে রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৩৪। অন্যদিকে আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। যার জেরে হাসপাতালগুলিতে বেড থেকে শুরু করে অক্সিজেন সহ একাধিক মেডিকেল সরঞ্জামের ঘাটতি দেখা দিতে শুরু করেছে।
এদিকে এখনও পর্যন্ত তামিলনাড়ুতে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৫৩ হাজার ৫৭৬। যার মধ্যে এক তৃতীয়াংশই চেন্নাইয়ের বাসিন্দা। এদিকে বর্তমানে চেন্নাইয়ে দৈনিক গড়ে ৬ হাজারের উপর করোনা রোগীর খোঁজ মিলছে। যদি ভয় ধরাচ্ছে কোয়েম্বাটুরের সংক্রমণও। সেখানেও দৈনিক ৩ হাজারের বেশি আক্রান্তের খোঁজ মিলছে বলে জানাচ্ছে সরকারি পরিসংখ্যান।












Click it and Unblock the Notifications